১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বয়স মাত্র ১৯ বছর, উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। এখনো সান্তিয়াগো বার্নাব্যুর মূল আলোয় দাঁড়ানোর মতো সময় আসেনি। তবে তরুণ মিডফিল্ডার সার্জিও মার্তিনেজের মধ্যে ভবিষ্যতের বড় তারকার সম্ভাবনা দেখছে রিয়াল মাদ্রিদ। রেসিং সান্তান্দার থেকে ৩৫ লাখ ডলারের কিছু বেশি অর্থে তাকে দলে টেনে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বড় বিনিয়োগ করেছে স্প্যানিশ ক্লাবটি।
রিয়ালে যোগ দিয়েই অবশ্য মূল দলের সঙ্গে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না মার্তিনেজ। ক্লাবের পরিকল্পনা অনুযায়ী, শুরুতে যুব দল কাস্তিয়ার হয়ে মাঠে নামবেন তিনি। সেখানে ধীরে ধীরে নিজেকে পরিণত করার পর পারফরম্যান্সের ভিত্তিতে মূল দলে সুযোগ পাওয়ার পথ তৈরি হবে। চলতি মৌসুমে প্রিমেরা ফেদারেসিওনের (তৃতীয় বিভাগ) দল ও রিয়ালের মূল দলের মধ্যে তার খেলার সময় ভাগ করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
মার্তিনেজকে দলে পেতে রিয়ালের প্রতিদ্বন্দ্বিতা যে কম ছিল না, সেটিও স্পষ্ট। বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ ও ভিয়ারিয়ালের পাশাপাশি প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব এবং সৌদি আরবের কিছু দলও তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল। শেষ পর্যন্ত অন্যদের পেছনে ফেলে তরুণ এই মিডফিল্ডারকে দলে পাওয়া নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
মার্তিনেজের সঙ্গে রিয়ালের চুক্তি হয়েছে ২০৩০ সাল পর্যন্ত। দীর্ঘমেয়াদি এই চুক্তিই ইঙ্গিত দিচ্ছে, ক্লাবটি তাকে তাৎক্ষণিক সাফল্যের চেয়ে ভবিষ্যতের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে।
মার্তিনেজকে বিদায় জানাতে গিয়ে রেসিং সান্তান্দারও নিজেদের গর্বের কথা জানিয়েছে। ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, চুক্তিতে থাকা রিলিজ ক্লজের পুরো অর্থ এককালীন পরিশোধ করতে সম্মত হয়েছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে ক্লাবটির একাডেমি থেকে উঠে আসা তরুণ ফুটবলারের বিদায় নিশ্চিত হয়েছে।
রেসিংয়ের সঙ্গে মার্তিনেজের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। মাত্র ১০ বছর বয়সে ক্লাবটির একাডেমিতে যোগ দেন তিনি। অনূর্ধ্ব-১১ বি দল দিয়ে যাত্রা শুরু করে ধীরে ধীরে একাডেমির বিভিন্ন স্তর পেরিয়ে সিনিয়র দলে জায়গা করে নেন। রেসিংয়ের মূল দলের হয়ে মোট ১৫টি ম্যাচও খেলেছেন তিনি।
তাই বিদায়ী বার্তায় মার্তিনেজকে নিয়ে আবেগের পাশাপাশি গর্বও প্রকাশ করেছে রেসিং সান্তান্দার। ক্লাবটি জানিয়েছে, বছরের পর বছর মার্তিনেজ যেভাবে তাদের প্রতীককে গর্বিত করেছেন, তাতে তারা অত্যন্ত গর্বিত। ভবিষ্যতে নতুন ঠিকানায় গেলেও এল সার্দিনো স্টেডিয়াম সব সময়ই তার কাছে নিজের ঘরের মতো থাকবে।

