ইয়ামালের ‘৩০৪’ উদযাপনের রহস্য উন্মোচন করলেন শৈশবের বন্ধু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম
বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল।
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬ বিশ্বকাপটা নিজের মতো না কাটলেও চলতি মৌসুমে চেনা ছন্দে ফিরেছেন বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল। মাঠের নৈপুণ্যে যেমন আলো ছড়াচ্ছেন, তেমনি মাঠের বাইরেও নিজের কাছের মানুষদের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন এই তরুণ তুর্কি।
বাবা মুনির নাসরাউই, মা শেইলা এবানা, প্রেমিকা ইনেস গার্সিয়া ও কাজিন মোহাম্মদ আবদের পাশাপাশি তার ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম গুরুত্বপূর্ণ নাম শৈশবের সেরা বন্ধু সোহাইব।
স্প্যানিশ টিভি প্রোগ্রাম ‘তার্দে এআরকে’ দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন সোহাইব।
টেলিভিশন উপস্থাপক আনা রোসা কুইন্তানার মুখোমুখি হয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টে প্রকাশিত সাক্ষাৎকারে সোহাইব বলেন, ‘যখনই আমরা সুযোগ পাই, একসঙ্গে সময় কাটাই। সে আমার ভাইয়ের মতো।’
রোকাফোন্ডার একটি পার্কে ৬ বছর বয়স থেকে শুরু হয়েছিল তাদের এই বন্ধুত্ব। শৈশবের স্মৃতি মনে করে সোহাইব বলেন, ‘ছোটবেলা থেকেই সে যেভাবে ফুটবল খেলত, তাতে তার প্রতিভা স্পষ্ট ছিল। আমি তাকে বলতাম, সে যদি চায় তবে বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারবে, কিন্তু এই বিশ্বাসটা তার নিজের ভেতর থাকতে হবে।’
সোহাইব জানান, এত খ্যাতি ও সাফল্যের পরও ইয়ামালের স্বভাব বা আচরণে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি।
বার্সেলোনার এই ১০ নম্বর তারকা গোল করার পর দুই হাত দিয়ে ‘৩০৪’ চিহ্ন বানিয়ে উদযাপন করে থাকেন, যা মূলত তার শৈশবের এলাকা রোকাফোন্ডার পোস্টাল কোডের শেষ তিনটি সংখ্যা। এই বিখ্যাত উদযাপনের ধারণাটি কীভাবে এসেছিল, তা প্রকাশ করেছেন সোহাইব নিজেই।
সোহাইব বলেন, ‘যুব দলের কোপা দেল রে’র একটি ম্যাচের ঘটনা। আমরা এলাকায় ছিলাম এবং ও নিজের পারফরম্যান্স নিয়ে কিছু একটা প্রমাণ করতে চেয়েছিল। তখনই আমি তাকে ৩০৪ সংকেতটি করার কথা বলি, কারণ এলাকায় আমরা সবসময় এই সংখ্যাটি ব্যবহার করতাম। ভঙ্গিটি তার বেশ পছন্দ হয়ে যায় এবং তারপর থেকে প্রতিবার সে এভাবেই গোল উদযাপন করে আসছে।’

