পাকিস্তান ক্রিকেটের দৈন্যদশার কারণ জানালেন মিসবাহ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
মিসবাহ-উল-হক। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না পাকিস্তানের ক্রিকেট দল। ঘরে বাইরে বাজে পারফরম্যান্সের কারণে বার বার সমালোচিত ক্রিকেট পাকিস্তান।
ইংল্যান্ড সফরে সদ্য শেষ হওয়া সিরিজে বাজে ভাবে হেরেছে পাকিস্তান। লর্ডস টেস্টে পাকিস্তানের হারের পর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় কোচ সরফরাজ আহমেদকে। সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হকসহ ৭ ক্রিকেটারকে দেশে ফেরত পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় দলের নির্বাচকের পদ ছাড়েন মিসবাহ উল-হক।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘দল খারাপ খেললে বিদেশি কোচদের দায় কম হয়। কিন্তু দেশি কোচ হলে তাকেই বেশি সমালোচিত হতে হয়।’
ঘন ঘন কোচ পরিবর্তনের কারণেও ক্রিকেটারদের আত্মবিশ্বাস নষ্ট হচ্ছে বলে মনে করেন মিসবাহ। তার পরামর্শ, পাকিস্তানকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ধারাবাহিকতা ও ধৈর্যের পথে হাঁটতে হবে।
ভারতের উদাহরণ টেনে মিসবাহ বলেন, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো ক্রিকেটারদের সময় দিয়ে ভারত একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেছে। নব্বইয়ের দশক থেকে ধীরে ধীরে সেই পরিকল্পনার ফল পেয়েছে তারা।
পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘তরুণ ক্রিকেটারেরা বড্ড বেশি সাদা বলের ক্রিকেট খেলছে। লাল বলের সঙ্গে পরিচিতি কম, যথেষ্ট চার দিনের ক্রিকেটও খেলছে না। ফলে চাপে পড়ার সম্ভাবনা বাড়ছে। দ্রুত কোনো কিছুরই সমাধান সম্ভব নয়।’
