Logo
Logo
×
   

খেলা

পিসিবির বিরুদ্ধে ‘বিস্ফোরক’ মন্তব্য গিলেস্পির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

পিসিবির বিরুদ্ধে ‘বিস্ফোরক’ মন্তব্য গিলেস্পির

পাকিস্তান টেস্ট দলের সাবেক কোচ জেসন গিলেস্পি অভিযোগ করেছেন, দায়িত্ব পালনের সময় তাকে ‘অসম্মানিত ও কোণঠাসা’ করা হয়েছিল। তার দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো তার কাছে হাজার হাজার ডলার পাওনা রেখেছে।

দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক অস্ট্রেলিয়ান পেসার জানান, আকিব জাভেদ প্রধান নির্বাচক হওয়ার পরই পাকিস্তান ক্রিকেটের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। তার ভাষায়, আকিব আসার পর দলের প্রায় সব সিদ্ধান্তেই তার প্রভাব বেড়ে যায় এবং গিলেস্পির দায়িত্ব ক্রমেই কমিয়ে দেওয়া হয়।

গিলেস্পি বলেন, শুরুতে তিনি টেস্ট দল, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের দেখভালের পাশাপাশি নির্বাচনের ক্ষেত্রেও ভূমিকা রাখতেন। কিন্তু পরে তাকে কার্যত কোনো সিদ্ধান্তের সঙ্গেই যুক্ত রাখা হয়নি। পুরো অভিজ্ঞতাটি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে এবং কোচিং নিয়েই নিজের ওপর সন্দেহ তৈরি হয়।

আকিব জাভেদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে গিলেস্পি বলেন, তিনি কোনো সহযোগিতামূলক পরিবেশে কাজ করতেন না এবং নিজের সিদ্ধান্তই চাপিয়ে দিতেন। পিসিবি চেয়ারম্যানের সমর্থন থাকায় আকিব নিজেকে অতি ক্ষমতাধর মনে করতেন বলেও দাবি করেন তিনি।

গিলেস্পির অভিযোগ, তিনি কখনোই নিজের নীতির সঙ্গে আপস করে অন্য কারও কথায় কথা মেলানোর মানুষ হতে চাননি। এমনকি আকিব তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য চালিয়ে গেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি।

পাকিস্তান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে গিলেস্পি বলেন, আকিব জাভেদই সমস্যার মূল কারণ এবং তিনি যতদিন থাকবেন, পাকিস্তান ক্রিকেট ততদিন পিছিয়ে যাবে। তার মতে, একজন যোগ্য কোচকে পর্যাপ্ত সময় ও স্বাধীনতা দিয়ে দল পুনর্গঠনের সুযোগ দেওয়া উচিত।

সূত্র: এনডিটিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম