প্রথমবারের মতো নেপালে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রথমবারের মতো নেপালের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী বছরের মার্চে কাঠমান্ডুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।
বুধবার সিরিজের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্ধারিত সূচি অনুযায়ী, ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৬, ২৮ ও ৩০ মার্চ।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও নেপালের দেখা হয়েছে আগেও। তবে দুই দলের মুখোমুখি হওয়া আগের দুটি টি-টোয়েন্টিই ছিল বিশ্বকাপের মঞ্চে। এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে তারা। ফলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও যুক্ত হচ্ছে নতুন অধ্যায়।
বিশেষ তাৎপর্য নিয়ে আয়োজিত হতে যাওয়া এই সিরিজটি নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নিহতদের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হবে।
সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয় নেপালের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের বৈঠকের পর। এরপর বিষয়টি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা এগিয়ে যায়।
বুধবার বিসিবি কার্যালয়ে গিয়ে বোর্ড সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত। সেখানে বাংলাদেশ-নেপাল সিরিজ আয়োজনের পাশাপাশি দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
এক বিবৃতিতে বিসিবি নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত এবং প্রাণ হারানো মানুষের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে সিরিজটিকে দুই দেশের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও সংহতির বার্তা তুলে ধরার একটি সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা শুধু জাতীয় দলের এই সিরিজেই সীমাবদ্ধ থাকছে না। পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স কার্যক্রম, প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তার পাশাপাশি নেপালের ক্রিকেটের উন্নয়নেও সহযোগিতা করার আগ্রহের কথা জানিয়েছে বিসিবি।

