পিসিবির গুরুত্বপূর্ণ পদে আসছেন শোয়েব আখতার?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।
|
ফলো করুন |
|
|---|---|
ঠোঁটকাটা মন্তব্য ও স্পষ্ট সমালোচনার জন্য পরিচিত পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিভিন্ন সিদ্ধান্ত, দল নির্বাচন, প্রশাসনিক কার্যক্রম এবং জাতীয় দলের সামগ্রিক দিকনির্দেশনা নিয়ে প্রকাশ্যেই একাধিকবার সমালোচনা করেছেন তিনি। এবার সেই শোয়েব আখতারকেই পিসিবির গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে দেখা যেতে পারে।
ইংল্যান্ড সফরে পাকিস্তানের ভরাডুবির পর দেশটির ক্রিকেট কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাত দিয়ে জানা গেছে, সম্ভাব্য পুনর্গঠনের অংশ হিসেবে শোয়েব আখতারকে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বোর্ড। তবে তাকে ঠিক কোন পদে দায়িত্ব দেওয়া হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে বসবাসকারী শোয়েব গত সপ্তাহে মহসিন নকভির সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। বৈঠকে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ এবং জাতীয় দলগুলোর জন্য বোর্ডের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাম্প্রতিক সময়ে নকভির সঙ্গে শোয়েবের সম্পর্কেও উন্নতি হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে শোয়েবের বড় ভাইয়ের মৃত্যুর পর নকভি তার সঙ্গে যোগাযোগ করে পাশে দাঁড়িয়েছিলেন। বিষয়টি সাবেক এই পেসারকে প্রভাবিত করেছে বলে পিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।
সূত্রটির ভাষ্য, ‘কয়েক সপ্তাহ আগে শোয়েবের বড় ভাই মারা যাওয়ার পর মহসিন নকভি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করেছিলেন এবং তার পাশে ছিলেন। বিষয়টি শোয়েবকে অনেকটাই মুগ্ধ করেছে। কারণ, অতীতে তিনি গণমাধ্যমে পিসিবি ও পাকিস্তান ক্রিকেটের কঠোর সমালোচনা করেছেন।’
এরপর থেকেই পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে দুজনের মধ্যে বিস্তৃত আলোচনা শুরু হয়। নকভি তার পরিকল্পনার কথা শোয়েবকে জানান। একই সঙ্গে তাকে ন্যাশনাল ক্রিকেট একাডেমি ও জাতীয় দলের অনুশীলন ক্যাম্প পরিদর্শনের আমন্ত্রণও দেওয়া হয়েছে।
তবে শোয়েবের সম্ভাব্য ভূমিকা শুধু আনুষ্ঠানিক বা পরামর্শক পর্যায়ে সীমাবদ্ধ নাও থাকতে পারে। পাকিস্তান ক্রিকেট কীভাবে পুনর্গঠন করা যায়, সে বিষয়ে নিজের কিছু পরিকল্পনা ও শর্তও নকভির কাছে তুলে ধরেছেন সাবেক এই তারকা পেসার।
পিসিবির ওই সূত্রের ভাষায়, ‘শোয়েব বড় একটি দায়িত্ব পাওয়ার পথে আছেন। তবে চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে তার নিজের কিছু ধারণা ও শর্ত ছিল। তার বিশ্বাস, সেগুলো বাস্তবায়ন করা গেলে পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নেওয়া সম্ভব।’
ইংল্যান্ডে ভরাডুবির পর বড় পরিবর্তনের ভাবনা
ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে এবারই প্রথম ধবলধোলাইয়ের শিকার হয়েছে দলটি। এমন ফলের পর ক্রিকেটারদের পাশাপাশি পাকিস্তানের ক্রিকেট কাঠামো নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
এ পরিস্থিতিতে শুধু জাতীয় পুরুষ দলেই নয়, পিসিবির ক্রিকেটীয় পরিকল্পনা ও ‘থিংক ট্যাংক’-এও পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ও বোলিং কোচ অ্যাশলে নফকের বিদায়ের পর কোচিং ও পরামর্শক পদগুলো নিয়েও নতুন করে ভাবছে বোর্ড।
পাশাপাশি পাকিস্তান নারী দলের জন্য দীর্ঘমেয়াদি স্থায়ী প্রধান কোচ নিয়োগের পরিকল্পনাও রয়েছে। জাতীয় পুরুষ দল, নারী দল, শাহিনস ও জুনিয়র দলের ফলাফলে উন্নতি চান নকভি।
পিসিবির সূত্র জানিয়েছে, ‘বোর্ড ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করছে। শিগগিরই ক্রিকেট থিংক ট্যাংকে কিছু পরিবর্তন আসবে। চেয়ারম্যান স্পষ্ট করে দিয়েছেন, জাতীয় পুরুষ দল, নারী দল, শাহিনস ও জুনিয়র দল—সব পর্যায়েই তিনি আরও ভালো ফল চান।’
পিসিবিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলে শোয়েব আখতারের জন্য এটি হবে বড় ধরনের পরিবর্তন। এতদিন সিস্টেমের বাইরে থেকে পাকিস্তান ক্রিকেটের দল নির্বাচন, জবাবদিহি ও ক্রিকেট সংস্কৃতি নিয়ে সরব ছিলেন তিনি। এবার সেই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার ভেতরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সাবেক এই তারকা পেসারের।
