|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ২০-এর মিনি-নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর। এবারের নিলামের জন্য তালিকাভুক্ত হয়েছেন মোট ১৫৬ জন ক্রিকেটার। যেখানে ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, রাসি ফন ডার ডুসেনসহ বেশ কয়েকজন পরিচিত তারকা ক্রিকেটার রয়েছেন।
এই নিলামে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন পেসার নাহিদ রানা। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড, যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি টাকারও বেশি।
চলতি বছরের শুরুতে বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়েছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ। এবার একই ফ্র্যাঞ্চাইজিতে জাতীয় দলের সতীর্থ নাহিদ রানার যোগ দেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। ১৫৬ ক্রিকেটারের তালিকায় নাহিদই একমাত্র বাংলাদেশি।
নিলামে সর্বোচ্চ ১৫ লাখ র্যান্ড ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দুজনই এখন পর্যন্ত এসএ২০-তে শুধু এমআই কেপ টাউনের হয়ে খেলেছেন।
নিলামের ১৫৬ ক্রিকেটারের মধ্যে ৯৫ জন দক্ষিণ আফ্রিকার এবং ৬১ জন বিদেশি। তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক তেম্বা বাভুমাও। এখন পর্যন্ত এসএ২০-তে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৩১ জন ইংল্যান্ডের। এই তালিকায় আছেন মঈন আলীও। গত সেপ্টেম্বরে তার নেতৃত্বে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতেছিল। মঈনের ভিত্তিমূল্যও ১৫ লাখ র্যান্ড।
একই ভিত্তিমূল্যে নিলামে উঠছেন ইংল্যান্ডের জর্ডান কক্স। পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে তিন ম্যাচেই অর্ধশতক করে আলোচনায় আসেন তিনি। এসএ২০-তেও শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে কক্সের। ২০২২-২৩ মৌসুমে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলার পর গত মৌসুমে প্রিটোরিয়া ক্যাপিটালসকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
প্রথমবার এসএ২০-তে খেলার অপেক্ষায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শিমরন হেটমায়ার। আইপিএল ও সিপিএলে খেলার অভিজ্ঞতা থাকা এই বাঁহাতি ব্যাটার এবার নিলামে নাম তুলেছেন। একই সঙ্গে এসএ২০ অভিষেকের অপেক্ষায় রয়েছেন ক্যারিবীয় পেসার শামার জোসেফও। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এরই মধ্যে ২৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
নতুন কোচ অ্যালবি মরকেলের অধীনে নিলামে পেসার খুঁজতে পারে জোহানেসবার্গ সুপার কিংস। নান্দ্রে বার্গার, ওয়িয়ান মুল্ডার ও রিস টপলিকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তিন ক্রিকেটারই এবার মিনি-নিলামে নাম তুলেছেন।
ছয় দলের মধ্যে চারটি ফ্র্যাঞ্চাইজিতে মোট ২০টি জায়গা খালি রয়েছে। এসব জায়গা পূরণে সর্বোচ্চ ৩ কোটি ৫০ লাখ ২৫ হাজার দক্ষিণ আফ্রিকান র্যান্ড খরচ করতে পারবে দলগুলো। এর বাইরে সুপার কিংসের জন্য একটি ওয়াইল্ড কার্ডের সুযোগ রয়েছে, যা নির্ধারিত স্যালারি ক্যাপের অন্তর্ভুক্ত নয়।
তবে ডারবানস সুপার জায়ান্টস ও পার্ল রয়্যালস এবারের নিলামে অংশ নিচ্ছে না। জস বাটলার ও জো রুটকে দলে নিয়ে দুই ফ্র্যাঞ্চাইজিই ইতোমধ্যে ১৯ সদস্যের স্কোয়াড পূর্ণ করেছে।
আগামী ১৭ জানুয়ারি শুরু হবে এসএ২০-এর পঞ্চম আসর। গত মৌসুমে তৃতীয়বারের মতো শিরোপা জিতে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নতুন মৌসুমে মাঠে নামবে সানরাইজার্স ইস্টার্ন কেপ।

