ম্যানচেস্টার সিটির কঠোর শাস্তি চান জেরার্ড
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক বিধি লঙ্ঘনের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ওঠা ১১৪টি অভিযোগের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা চলছে। রায়ের বিরুদ্ধে আপিল করেছে সিটি।
সম্ভাব্য শাস্তি নিয়ে নানা জল্পনার মধ্যে এবার ক্লাবটির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন লিভারপুলের কিংবদন্তি ইংলিশ ফুটবলার স্টিভেন জেরার্ড।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে। ওই সময়ের মধ্যে ২০১৩-১৪ মৌসুমে সিটির কাছে অল্পের জন্য প্রিমিয়ার লিগের শিরোপা হারিয়েছিল জেরার্ডের লিভারপুল। তাই ক্লাবটির সম্ভাব্য শাস্তি নিয়ে কথা বলতে গিয়ে সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেছেন, সিটিকে এমন শাস্তি দেওয়া উচিত, যাতে তারা অন্য দলগুলোর মতোই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়।
‘ওভারল্যাপ ডেইলি’কে দেওয়া সাক্ষাৎকারে জেরার্ড বলেন, সিটি যে নয়-দশ বছর অন্যদের কষ্ট দিয়েছে, তাদেরও ঠিক সেভাবেই ভুগতে হবে।
সম্ভাব্য শাস্তি হিসেবে সিটির জেতা শিরোপা কেড়ে নেওয়া কিংবা দলটিকে চ্যাম্পিয়নশিপে নামিয়ে দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে জেরার্ডের মতে, শুধু অবনমন করলেই যথাযথ শাস্তি নিশ্চিত হবে না। কারণ, সিটি পরের মৌসুমেই আবার প্রিমিয়ার লিগে ফিরে আসতে পারে। এতে চ্যাম্পিয়নশিপের অন্য একটি দলের উন্নীত হওয়ার সুযোগও বাধাগ্রস্ত হতে পারে।
জেরার্ডের ভাষায়, সিটিকে নিচের বিভাগে নামিয়ে দেওয়ার পাশাপাশি কয়েক বছর ধরে প্রিমিয়ার লিগেই শাস্তির মুখোমুখি রাখা যেতে পারে। যদিও এটিকে নিজের ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেছেন তিনি।
এ ছাড়া সিটির বিরুদ্ধে দীর্ঘমেয়াদি দলবদল নিষেধাজ্ঞা ও পয়েন্ট কেটে নেওয়ার মতো কঠোর ব্যবস্থার পক্ষেও মত দিয়েছেন সাবেক লিভারপুল অধিনায়ক। তার মতে, ভবিষ্যতে এ ধরনের আর্থিক অনিয়ম ঠেকাতে সিটির বিরুদ্ধে এমন দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন, যা অন্য ক্লাবগুলোর জন্যও সতর্কবার্তা হয়ে থাকবে।
নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে জেরার্ড বলেন, তিনি কখনো প্রিমিয়ার লিগ জিততে পারেননি—এ কারণে নয়, বরং সিটির কর্মকাণ্ডের ফলে তার দলসহ অন্য ক্লাবগুলোর হারানো সুযোগ ও স্মৃতির বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন।

-6acddef7a70b4.jpg)