এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বার্সেলোনা যেন উড়ছিল। টানা ৯ ম্যাচ জিতে লা লিগার সর্বকালের রেকর্ডও ছুঁয়ে ফেলেছিল। এরপরই তাদের সামনে পড়ল রিয়াল মাদ্রিদ। সেই রিয়াল যারা একটু দেরিতে হলেও ফর্ম ফিরে পেয়েছিল এল ক্লাসিকোর ঠিক আগে। বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল সেই রিয়ালই। কিলিয়ান এমবাপ্পে করলেন জোড়া গোল। বার্সাকে ২-১ গোলের হার উপহার দিল রিয়াল।
তবে স্কোরলাইনটা যেন ম্যাচের আসল চিত্রটাকে ঠিকঠাক তুলে ধরতে পারছে না। বার্সার মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে সফরকারী রিয়ালই। দুটো গোলের কোনোটিকেই ধারার বিপরীতে মনে হয়নি।
ওদিকে বার্সা পরিষ্কার সুযোগ তৈরি করতে পেরেছে খুবই কম। লামিন ইয়ামালকে বোতলবন্দি করে রেখেছিলেন মার্ক কুকুরেয়া, সে চক্রব্যূহ ভাঙার সুযোগ যেই না একবার পেয়েছিলেন, ব্যর্থ হয়েছেন বাজেভাবে।
ম্যাচের শুরু থেকে দাপট দেখানো রিয়াল গোলের দেখা পায় ৪১ মিনিটে। তাতে বার্সা রক্ষণের দায়টাই যেন বেশি। ইয়ান দিওমান্দের নিরীহগোছের এক ক্রস গিয়ে পড়েছিল জেরার্দ মার্তিনের পায়ে। তিনি সেটা ক্লিয়ার করতে চেয়েছিলেন মাঠের ভেতরের দিকে। সেটা বক্সে আগুয়ান এমবাপ্পের গা ছুঁয়ে জড়ায় জালে।
এই গোলের আগ পর্যন্ত বার্সেলোনা নিজেদের ছায়া হয়ে ছিল। পেদ্রি একের পর এক মিসপাসে বল হারাচ্ছিলেন, ইয়ামালও হাঁটছিলেন একই পথে। তবে প্রথমার্ধের ঠিক শেষ দিকে বড় একটা সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। বক্সের ভেতরে অনেকটাই ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন, সামনে ছিলেন শুধুই আন্দ্রিই লুনিন। তবে তিনি কাছের পোস্টে শট নিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। শেষমেশ তা বেরিয়ে যায় লক্ষ্যের বাইরে দিয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোলের সুযোগ পেয়ে গিয়েছিল মাদ্রিদ। জুড বেলিংহাম কাউন্টার অ্যাটাকে উঠে এসেছিলেন তার সামনে ছিলেন শুধুই মার্তিন, পাশে ছিলেন এমবাপ্পে, পাস দিলেই খেলা শেষ। কিন্তু বেলিংহাম নিজে শট নিতে গিয়ে সুযোগ নষ্ট করেন।
এরপর গোল যে হলো বার্সার, তাতেও বেলিংহামের ‘অবদান’ ছিল বেশ। ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে পেদ্রি বল বাড়ান বক্সে থাকা রাফিনিয়াকে। বেলিংহামের পায়ের ফাঁক দিয়ে শট নেন রাফিনিয়া, সেটা লুনিনের হাত ছুঁয়ে জড়ায় জালে। অনেকটাই ধারার বিপরীতে পাওয়া এই গোলের পর মনে হচ্ছিল বার্সা বুঝি এবার জেগে উঠল!
কিন্তু উলটো জাগল রিয়াল মাদ্রিদই। ৮৭ মিনিটে পেল তার ফল। আর তাতে বেলিংহাম যেন হাঁফ ছেড়ে বাঁচলেন কিছুটা। নিজেদের অর্ধে একাধিক বার্সা ডিফেন্ডারকে কাটিয়ে ইংলিশ এই মিডফিল্ডার বল বাড়িয়ে দিয়েছিলেন উইংয়ে, সেখানে আগুয়ান এদুয়ার্দো কামাভিঙ্গা পাউ কুবারসিকে এড়িয়ে বল দেন এমবাপ্পেকে, এবং গোল। বার্সেলোনা গোলের সুযোগ তৈরি করতেই হিমশিম খাচ্ছিল, ঠিক তখন নির্ধারিত সময়ের ৩ মিনিট বাকি থাকতে গোল হজমের পর ম্যাচের আর কিছু বাকি থাকে না।
এরপর এমবাপ্পে বালদে আদেয়েমিদের হলুদ কার্ডে পরিস্থিতি একটু উত্তপ্ত হয়েছে বটে। কিন্তু ফলাফলের চেয়ে বড় নাটকীয়তা তৈরি করতে পারেনি। রিয়াল মাঠ ছেড়েছে ২-১ গোলে জিতে। আর তাতেই উড়তে থাকা বার্সেলোনাকে নেমে আসতে হয়েছে মাটিতে।
