পাঁচটি হলুদ কার্ডের পরও কেন নিষেধাজ্ঞা নেই মেসির
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মেজর লিগ সকারে পাঁচটি হলুদ কার্ড দেখেও এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখেও পড়ছেন না লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) শৃঙ্খলাবিধিতে থাকা ‘গুড বিহেভিয়ার’ বা ভালো আচরণের বিশেষ নিয়মের সুবিধা পাওয়ায় পরবর্তী ম্যাচেও মাঠে নামতে পারবেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন মহাতারকা।
সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে হলুদ কার্ড দেখেন মেসি। ম্যাচের ৪৪ মিনিটে স্যামুয়েল গুইদির সঙ্গে ফাউলের ঘটনায় রেফারি আরমান্দো ভিয়াররিয়াল তাকে কার্ড দেখান। রেফারির সিদ্ধান্তে অসন্তোষও প্রকাশ করেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
এর আগে কলোরাডো র্যাপিডস, অরল্যান্ডো সিটি, ন্যাশভিল ও আটলান্টার বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন মেসি। সাধারণ নিয়মে পাঁচটি হলুদ কার্ড জমা হলে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা। তবে এমএলএসের ব্যতিক্রমী নিয়মে সেই শাস্তি এড়িয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
‘গুড বিহেভিয়ার’ নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার টানা পাঁচ বা তার বেশি ম্যাচ হলুদ কার্ড না দেখলে তার জমা হওয়া কার্ডের একটি বাতিল হয়ে যায়। অর্থাৎ মাঠে ধারাবাহিকভাবে শৃঙ্খলাপূর্ণ আচরণের পুরস্কার হিসেবে এই সুবিধা দেওয়া হয়।
তবে একজন খেলোয়াড় পুরো মৌসুমে সর্বোচ্চ তিনবার এই সুবিধা নিতে পারেন। নির্ধারিত সুযোগগুলো শেষ হয়ে গেলে পরবর্তী সময়ে আর কোনো হলুদ কার্ড বাতিল হওয়ার সুযোগ থাকে না।
মেসি এরই মধ্যে দুইবার এই সুবিধা পেয়েছেন। অরল্যান্ডো সিটির বিপক্ষে কার্ড দেখার পর ন্যাশভিলের বিপক্ষে পরবর্তী হলুদ কার্ড দেখার আগে টানা পাঁচ ম্যাচ কার্ড ছাড়াই খেলেছিলেন তিনি। পরে ন্যাশভিলের বিপক্ষে কার্ড দেখার পর আটলান্টার বিপক্ষে পরবর্তী কার্ড পাওয়ার আগে কেটে যায় আরও ১০টি ম্যাচ।
ফলে দুই দফায় তার কার্ডের হিসাব থেকে দুটি হলুদ কার্ড বাদ পড়ে যায়। সিনসিনাটির বিপক্ষে সর্বশেষ কার্ড দেখার পরও তাই তার কার্যকর হলুদ কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। এ কারণে আপাতত নিষেধাজ্ঞার কোনো শঙ্কা নেই মেসির।
সবকিছু ঠিক থাকলে আগামী রোববার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে এমএলএসের নিয়মিত মৌসুমের ৩৩তম ম্যাচে মাঠে নামতে পারবেন ইন্টার মিয়ামির অধিনায়ক।

