অস্ত্রোপচারের পর মাঠে ফেরার সময় জানালেন মার্তিনেজ
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চোটের কারণে আপাতত মাঠের বাইরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তবে তার ফেরার অপেক্ষা খুব বেশি দীর্ঘ হচ্ছে না। চোয়ালে অস্ত্রোপচারের পর নিজেই জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই আবার মাঠে ফিরতে পারবেন তিনি। তার এই আশ্বাসে স্বস্তি ফিরেছে চেলসি শিবিরে।
প্রায় দুই সপ্তাহ আগে এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে জেরার্ড ব্রাথওয়েটের সঙ্গে সংঘর্ষে চোয়ালে গুরুতর আঘাত পান মার্তিনেজ। চোটের তীব্রতা এতটাই বেশি ছিল যে, হিল ডিকিনসন স্টেডিয়াম থেকে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। পরে তার চোয়ালে অস্ত্রোপচার করা হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রত্যাশিত সময়ের আগেই পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে এই আর্জেন্টাইন গোলরক্ষকের। তার দ্রুত প্রত্যাবর্তন দলের জন্য বড় স্বস্তির খবর হতে পারে।
গ্রীষ্মকালীন দলবদলে অ্যাস্টন ভিলা থেকে ৭৫ লাখ পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দেন মার্তিনেজ। নতুন ক্লাবে এসেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। চোটে পড়ার আগে ব্লুজদের হয়ে টানা ছয়টি প্রিমিয়ার লিগ ম্যাচে শুরুর একাদশে ছিলেন এই গোলরক্ষক।
মার্তিনেজের অনুপস্থিতিতে চেলসির গোলবার সামলানোর দায়িত্ব পেয়েছেন ২১ বছর বয়সি বেলজিয়ান গোলরক্ষক মাইক প্যান্ডারস। টটেনহামের বিপক্ষে লিগ ম্যাচের পাশাপাশি লিভারপুলের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচেও গোলপোস্টের নিচে ছিলেন তিনি।
লিভারপুলের বিপক্ষে টাইব্রেকারে রায়ান গ্রাভেনবার্চের পেনাল্টি ঠেকিয়ে নজর কাড়েন প্যান্ডারস। তার সেই সাফল্য চেলসিকে ম্যাচে ফেরার সুযোগ করে দিলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে পরাজয় মেনে নিতে হয় দলটিকে।
এর আগে টটেনহামের বিপক্ষে প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচে অবশ্য হতাশ করেন এই তরুণ গোলরক্ষক। মাতেউস ফার্নান্দেসের কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন তিনি।
আগামী শনিবার নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে চেলসি। সেই ম্যাচেও গোলবারের দায়িত্বে প্যান্ডারসকে দেখা যেতে পারে। বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ব্লুজরা। চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে ক্লিনশিট ধরে রাখতে পেরেছে দলটি।

