পাকিস্তানকে হারানোর পর ভারতের ‘সাহস’ নিয়ে গম্ভীরের পোস্ট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬ জিতেছে ভারত। রোমাঞ্চকর ফাইনালে তারা পাকিস্তানকে এক উইকেটে হারিয়েছে। ম্যাচ শেষে ভারতের জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে তরুণ ক্রিকেটারদের প্রশংসা করেছেন তিনি।
পাকিস্তানের দেওয়া ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারত একসময় বিপদে পড়ে যায়। ৪২তম ওভারে তাদের স্কোর ছিল ৮ উইকেটে ২৫২। তখন দলের হাল ধরেন মানাল চৌহান ও মোহিত উলভা। মানাল করেন ৪৭ রান। মোহিত অপরাজিত থাকেন ৪৯ রানে। শেষ বলে বাউন্ডারি মেরে ম্যাচ জিতিয়ে দেন মোহিত। এটি ভারতের রেকর্ড নবম শিরোপা।
অধিনায়ক লক্ষ্য রাইচন্দানির দলের প্রশংসা করে গম্ভীর এক্সে লেখেন, ‘নির্ভীক ক্রিকেট। অটুট বিশ্বাস। সাহসের কোনো ব্যাটিং অর্ডার নেই!! এশিয়ার চ্যাম্পিয়ন! সাবাশ, ছেলেরা!’ পোস্টটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। নিয়মিত উইকেট হারালেও ভারতের তরুণদের এই লড়াই দেখে গম্ভীর মুগ্ধ।
বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর ম্যাচসেরা হয়েছেন। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও। ফাইনালে অধিনায়ক রাইচন্দানির (৮০) সঙ্গে তিনি ১৭.৪ ওভারে ৯৫ রানের জুটি গড়েন। এই শুরুই ভারতের জয়ের ভিত গড়ে দেয়।
পাঁচ ইনিংসে আর্যবীর করেছেন ৩৬১ রান। গড় ৯০.২৫। তার একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি আছে।
আর্যবীর বলেন, ড্রেসিংরুমে আলোচনা ছিল, উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো, আর লক্ষ্যটাও খুব বড় নয়। তিনি বলেন, ‘আমরা যদি স্বাভাবিকভাবে ব্যাট করি আর চিরাচরিত শটগুলো খেলি, তাহলে স্কোরে পৌঁছে যাব। আমাদের সব সময় বিশ্বাস ছিল যে আমরা তাড়া করে জিততে পারব।’
তিনি আরও বলেন, ‘দলের বৈঠকে আমরা আলোচনা করি, শেষ ১০ ওভারে কীভাবে ১০০ বা ১২০ রান তাড়া করা যায়। কারণ উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। তাই কাউকে গভীর পর্যন্ত ব্যাট করতে হতো। লক্ষ্য সেটাই করেছে। তাকে সাধুবাদ। শেষে মোহিত ও মানাল যা করেছে, সেটাও অসাধারণ। তাদেরও সাধুবাদ।’
