Logo
Logo
×

Advertisement

খেলা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

সংগৃহীত

Advertisement

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। দ্বিতীয় মেয়াদেও আগামী দুই বছর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির নেতৃত্ব দেবেন তিনি। আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর বালিতে অনুষ্ঠিত বৈঠকে তার পুনর্নির্বাচন চূড়ান্ত হয়।

৩৮ বছর বয়সী জয় শাহের বিপক্ষে চেয়ারম্যান পদে আর কেউ প্রার্থী হননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।

সামনে বিশ্ব ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ দুটি আয়োজন। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এমন সময়ে জয় শাহের নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখতে চায় আইসিসি।

সংস্থাটির বোর্ড মনে করে, তার পুনর্নির্বাচন বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার, সমর্থক বাড়ানো এবং বাণিজ্যিক সুযোগ তৈরির কাজে সহায়তা করবে।

পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মানের ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করার বিষয়ে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নিয়েও আশাবাদী তিনি। জয় শাহের মতে, নতুন দর্শক তৈরি এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার বড় সুযোগ তৈরি করবে এই আয়োজন।

২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। তখন তার বয়স ছিল ৩৫ বছর। তিনিই এই পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। আইসিসির গুরুত্বপূর্ণ অর্থ ও বাণিজ্যবিষয়ক কমিটির প্রধান হিসেবেও কাজ করেছেন।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি বোর্ড। নারী ক্রিকেটের উন্নয়ন, সহযোগী সদস্য দেশগুলোর জন্য আরও সুযোগ তৈরি এবং ক্রিকেটের স্বচ্ছতা ও সততা রক্ষায় কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

জয় শাহকে অভিনন্দন জানিয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ সময়ে জয় শাহের নেতৃত্ব অব্যাহত থাকা ইতিবাচক।

থম্পসন আন্তর্জাতিক ক্রিকেটের সূচি আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজের গুরুত্ব ধরে রাখার কথাও বলেছেন তিনি। তবে নতুন দর্শক ও বাণিজ্যিক সুযোগের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।

জয় শাহের পুনর্নির্বাচনকে স্বাগত জানিয়েছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ও জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান তাভেংওয়া মুকুহলানিও। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকার ক্রিকেটের সম্ভাবনার কথা তুলে ধরেছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোফির ছোঁয়ায় বদলে গেল শিখরের জীবন

সোফির ছোঁয়ায় বদলে গেল শিখরের জীবন

আইসিসির গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টের আয়োজক ভারত

আইসিসির গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টের আয়োজক ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত, দিনক্ষণ চূড়ান্ত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত, দিনক্ষণ চূড়ান্ত

পাকিস্তানকে হারানোর পর ভারতের ‘সাহস’ নিয়ে গম্ভীরের পোস্ট

পাকিস্তানকে হারানোর পর ভারতের ‘সাহস’ নিয়ে গম্ভীরের পোস্ট

নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

আরও পড়ুন

মেসিকে ম্যারাডোনার ‘নকল’ বললেন পাকিস্তান কোচ

মেসিকে ম্যারাডোনার ‘নকল’ বললেন পাকিস্তান কোচ

রক্তচাপ উঠছে ১৯৩-এ, ‘যে কোনো সময় মৃত্যু’র শঙ্কা ইমরান খানের

রক্তচাপ উঠছে ১৯৩-এ, ‘যে কোনো সময় মৃত্যু’র শঙ্কা ইমরান খানের

আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ

আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ

মেসিকে এবার নতুন ভূমিকায় দলে চাইছেন স্কালোনি

মেসিকে এবার নতুন ভূমিকায় দলে চাইছেন স্কালোনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম