ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ব্যাংককে আয়োজিত ‘এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে এই সম্মাননা পায় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
এবারের আয়োজনে ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ পুরস্কারের রুবি ক্যাটাগরি এবং তৃণমূল ফুটবলে অবদানের জন্য ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড’-এর সিলভার ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। বাফুফের পক্ষে পুরস্কারগুলোর একটি গ্রহণ করেন নির্বাহী কমিটির সদস্য গোলাম গাউস।
‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ বিভাগে চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে সর্বোচ্চ প্ল্যাটিনাম ক্যাটাগরিতে সেরা হয়েছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন। ডায়মন্ড ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। গোল্ড ক্যাটাগরিতে স্বীকৃতি মিলেছে ভারতের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ)। আর রুবি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বাফুফে।
অন্যদিকে, তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে বিশেষ অবদানের জন্য দেওয়া ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড’-এর সিলভার ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এই বিভাগে গোল্ড পুরস্কার পেয়েছে জাপান এবং ব্রোঞ্জ ক্যাটাগরিতে স্বীকৃতি অর্জন করেছে মিয়ানমার ফুটবল ফেডারেশন।
এবারের অনুষ্ঠানে এশিয়ার ফুটবলারদের ব্যক্তিগত অর্জনও স্বীকৃতি পেয়েছে। বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ। নারী বিভাগে সেরার পুরস্কার জিতেছেন উত্তর কোরিয়ার কিম কিয়ং ইয়ং।
এছাড়া এশিয়ার বাইরে বিভিন্ন ক্লাবে খেলা সেরা আন্তর্জাতিক ফুটবলার হিসেবে পুরস্কৃত হয়েছেন দক্ষিণ কোরিয়ার লি কাং-ইন এবং অস্ট্রেলিয়ার কেইটলিন ফোর্ড।
