৭ ম্যাচে ৯ গোল করে বাংলাদেশের সাফ দলে, কে এই মাহি খান?
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের স্ট্রাইকারের অভাবটা ঠিক আজকের নয়। অন্তত শেষ ৮ বছর ধরে এই সমস্যা ভোগাচ্ছে দলকে। নতুন কোচ থমাস ডুলি তার সমাধানের চেষ্টায় মরিয়া। সেজন্যে তিনি এবার দলে ডেকেছেন এমন এক স্ট্রাইকারকে, যিনি কি না ৭ ম্যাচে করেছেন ৯টি গোল। ইংল্যান্ডের নিম্ন বিভাগের ফুটবলে খেলা মাহি খান এবার ডাক পেয়েছেন বাংলাদেশের সাফ দলে।
ইংল্যান্ডের মল্টন এফসির হয়ে খেলছেন তিনি। চলতি মৌসুমে সাত ম্যাচে নয়টি গোল করেছেন মাহি। তার জন্মও সেই ইংল্যান্ডেই। ফরোয়ার্ড হিসেবে তাকে বাড়তি সুবিধা দিচ্ছে তার উচ্চতা, ১.৮৩ মিটার লম্বা তিনি। যার ফলে ক্রস থেকে দলের ‘অবভিয়াস টার্গেট’ বনে যেতে পারেন তিনি। তবে তার মুন্সিয়ানা এখানেই শেষ নয়, মূলত স্ট্রাইকার হিসেবে খেলেন তিনি, তবে দুই উইংয়েও খেলার অভিজ্ঞতা আছে তার।
মাহির ফুটবলজীবনের শুরু কেটারিং টাউনের যুব দলে। সেখানে সাত বছর কাটিয়েছেন তিনি। এরপর ২০২৪ সালে রাশডেন অ্যান্ড হাইয়াম ইউনাইটেডের হয়ে সিনিয়র ফুটবলে পা রাখেন। তার বর্তমান দল মল্টন এফসি ইংল্যান্ডের ইউনাইটেড কাউন্টিজ লিগ প্রিমিয়ার ডিভিশন সাউথে খেলে। এটি ইংলিশ ফুটবলের নবম স্তরের লিগ।
বাংলাদেশের হয়ে খেলার অভিজ্ঞতা এবারই অবশ্য প্রথম নয় তার। আগস্ট ও সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে তিনটি ম্যাচে খেলেছেন তিনি। যদিও গোল করতে পারেননি এখনও।
মাহিকে এখনই কেন দলে ডাকা হলো? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কোচ থমাস ডুলি। তিনি বলেন, ‘এখনই তাকে দলে নেওয়া অনেকটা ভাগ্যের ওপর ছেড়ে দেওয়ার মতো। আমরা বিশ্বাস করি, আমাদের যে কাজটি দরকার, সে হয়তো তা করতে পারবে। এই মুহূর্তে পরিস্থিতি এমনই।’
ডুলির কথা থেকে একটা বিষয় বেশ পরিষ্কার, যে কোনো মূল্যেই হোক তিনি স্ট্রাইকার সংকট কাটাতে মরিয়া। সে কারণেই মূলত দলে ডাকা হয়েছে মাহিকে। সে প্রত্যাশা তিনি পূরণ করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
