Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন পরিকল্পনা ফাঁস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন পরিকল্পনা ফাঁস

জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

Advertisement

ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বকে ঘিরে দীর্ঘমেয়াদি একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছিলেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা করেছিল ফিফা।

তবে সংস্থাটির ভেতরে ও সদস্য দেশগুলোর পক্ষ থেকে তীব্র আপত্তি ওঠায় শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করতে হয়। বিষয়টি নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন ইনফান্তিনোও।

পরবর্তী সময়ে নিজের অবস্থানের জন্য ক্ষমা চাইলেও ফিফা সভাপতির পদে আরও এক মেয়াদে থাকার প্রস্তুতি নিচ্ছেন ইনফান্তিনো। তার নেতৃত্ব নিয়ে ফুটবলবিশ্বে মতভেদ চলার মধ্যেই এবার সামনে এসেছে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য হস্তান্তরের গোপন পরিকল্পনার নথি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) পর্যালোচনায় এসব নথির তথ্য প্রকাশিত হয়। এতে ফিফা ও বিনিয়োগকারী জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের মধ্যে হওয়া আলোচনার বিস্তারিত উঠে এসেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগের মাধ্যমে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস (এফএফই) নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করার কথা ছিল।

নথি অনুযায়ী, পুরুষদের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সপ্তাহেই নিউইয়র্কে এই চুক্তি চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছিল ফিফা। আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের মাত্র নয় দিন পর গোপন প্রকল্পটির বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ফিফার শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হলে কয়েক দিনের মধ্যেই প্রস্তাবটি থেকে সরে আসেন ইনফান্তিনো।

ফাঁস হওয়া নথির মধ্যে ফিফার নিজস্ব ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনও রয়েছে। সেখানে বলা হয়েছে, এই চুক্তির কাঠামো তৈরির প্রক্রিয়ায় ফিফার অর্থ বিভাগের কর্মকর্তারা সরাসরি যুক্ত ছিলেন না। পরিকল্পনা অনুযায়ী, মুনাফাভিত্তিক একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করে ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব সেখানে হস্তান্তর করার কথা ছিল। এরপর প্রতিষ্ঠানটি পরবর্তী ৯৬ বছর এসব স্বত্ব বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারত।

এদিকে, থ্রাইভ ক্যাপিটালকে প্রধান বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করার আগে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্সের সঙ্গেও আলোচনা করেছিল ফিফা। নথিতে প্রতিষ্ঠানটির নাম উল্লেখ করে আনুষ্ঠানিক দরপত্র আহ্বান না করার কারণও ব্যাখ্যা করা হয়েছে।

ফিফার যুক্তি ছিল, প্রস্তাবিত বিনিয়োগের ধরন ছিল বিশেষ ও ব্যতিক্রমী। এ কারণে প্রচলিত দরপত্র প্রক্রিয়ার পরিবর্তে সম্ভাব্য কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি আলোচনা করা হয়েছিল।

নথিতে আরও দেখা যায়, থ্রাইভ ক্যাপিটাল ১৭ জুলাই ‘প্রজেক্ট বক্স’ নামের পরিকল্পনা নিয়ে ফিফার সঙ্গে একটি সমঝোতামূলক নথি তৈরি করেছিল। এতে ‘ম্যানেজমেন্ট ইনসেনটিভ প্ল্যান’ বা ব্যবস্থাপনা প্রণোদনা পরিকল্পনার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। প্রস্তাব অনুযায়ী, এফএফইর নির্বাহীদের বোনাস নির্ধারণের ক্ষমতা থাকত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের হাতে। আর সেই পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল তৎকালীন ফিফা সভাপতি ইনফান্তিনোর।

তবে বিষয়টি নিয়ে ফিফার বক্তব্য ভিন্ন। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের ব্যবসায়িক কাঠামোয় ব্যবস্থাপনা প্রণোদনার ব্যবস্থা থাকা স্বাভাবিক। তবে ফিফার ২১১টি সদস্য ফেডারেশনের অনুমোদন ছাড়া পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব ছিল না।

ফিফার দাবি, সদস্য ফেডারেশনগুলোই সংস্থাটির প্রকৃত মালিক। নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও এই পরিকল্পনার মাধ্যমে তাদের বাড়তি পারিশ্রমিক পাওয়ার কোনো সুযোগ তৈরি হওয়ার কথা ছিল না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ব ফুটবলের স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন পরিকল্পনা ফাঁস

বিশ্ব ফুটবলের স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন পরিকল্পনা ফাঁস

২০৩৫ নারী বিশ্বকাপের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য

২০৩৫ নারী বিশ্বকাপের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য

ফিফার ক্ষমতায় পরিবর্তনের ডাক, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ালেন ২ জন

ফিফার ক্ষমতায় পরিবর্তনের ডাক, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ালেন ২ জন

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিফা নির্বাচনে জাপানের কোজো তাশিমা

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিফা নির্বাচনে জাপানের কোজো তাশিমা

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান

‘ব্ল্যাটারের চেয়েও খারাপ ইনফান্তিনো’

‘ব্ল্যাটারের চেয়েও খারাপ ইনফান্তিনো’

আরও পড়ুন

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন পরিকল্পনা ফাঁস

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন পরিকল্পনা ফাঁস

কামিন্স ‘ব্যক্তিগত আক্রমণ’ করবেন তা আশা করিনি: খাজা

কামিন্স ‘ব্যক্তিগত আক্রমণ’ করবেন তা আশা করিনি: খাজা

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন যে ১২ বাংলাদেশি

আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন যে ১২ বাংলাদেশি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম