জেমিনি ব্যবহারে গুনতে হবে টাকা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট গুগল। ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আগামী ৯ অক্টোবর থেকে ‘জেমিনি ফ্ল্যাশ’ ও ‘জেমিনি প্রো’ ব্যবহারে গুনতে হবে টাকা। ফ্রি অ্যাকাউন্টধারীরা শুধু ‘জেমিনি ফ্ল্যাশ লাইট’ ব্যবহার করতে পারবেন।
গুগলের তথ্য অনুযায়ী, বর্তমানে জেমিনি অ্যাপ ও এর ডেস্কটপ সংস্করণে তিনটি বিকল্প বেছে নেওয়ার সুযোগ আছে। তবে আগামী ৯ অক্টোবর থেকে ফ্রি ব্যবহারকারীরা শুধু ‘ফ্ল্যাশ-লাইট’ মডেল ব্যবহার করতে পারবেন।
‘ফ্ল্যাশ লাইট’ মডেলটি গুগলের সবচেয়ে সাশ্রয়ী মডেল। আর ‘ফ্ল্যাশ’ মডেল দিয়ে এর চেয়ে উন্নতমানের কাজ করা যায়। সবশেষ ‘প্রো’ মডেলটি বানানো হয়েছে জটিল যুক্তি বিশ্লেষণ এবং আরও কঠিন কাজ করার জন্য।
এর প্রভাব শুধু ফ্রি ব্যবহারকারীদের ওপর সীমাবদ্ধ থাকছে না। যুক্তরাষ্ট্রের যেসব ব্যবহারকারী মাসিক ৫ ডলারের বিনিময়ে ‘গুগল এআই প্লাস’ ব্যবহার করে থাকেন, তারা আর জেমিনি ৩.১ প্রো মডেলটি ব্যবহার করতে পারবেন না।
গুগল জানিয়েছে, জটিল গাণিতিক সমস্যা ও কোডিং সংক্রান্ত কাজের ক্ষেত্রে ‘প্রো’ মডেলটি অত্যন্ত দক্ষ। এ ছাড়া অন্য মডেলের তুলনায় টেক্সট, ফাইল, ছবি ও ভিডিওর বিষয়বস্তু আরও গভীরভাবে বোঝার ক্ষমতা এর রয়েছে।
যারা কোডিং, পড়াশোনা, বিশ্লেষণের জন্য জেমিনি ব্যবহার করেন, তাদেরকে গুগলের ‘এআই প্রো’ প্ল্যানটি কিনতে হবে। এর মাসিক খরচ ২০ ডলার। অন্যদিকে বেশি ব্যবহারের সীমা থাকা ‘এআই আল্ট্রা’ মডেলের জন্য গুনতে হবে মাসে অন্তত ১০০ ডলার।
এই পরিবর্তনগুলোর পাশাপাশি গুগল প্রতিটি মডেলের জন্য ‘এফোর্ট লেভেল’ অপশন যুক্ত করছে। লো, মিডিয়াম, হাই—এই তিন স্তরের যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ থাকছে ব্যবহারকারীদের। এই স্তরগুলো মডেলকে কাজ সম্পন্ন করার ক্ষেত্রে অধিক সক্ষমতা দেবে। স্তর যত বেশি হবে, উত্তর তত বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ হবে। তবে এর ফলে ব্যবহারের নির্ধারিত সীমাও দ্রুত শেষ হবে।
কোনো ব্যবহারকারী যদি ‘এআই আল্ট্রা’ সাবস্ক্রিপশন কিনে জেমিনির সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগাতে চায়, তাহলে ‘ডিপ থিঙ্ক’ অপশন ব্যবহার করা যাবে।
সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হওয়ার পর ‘এআই আল্ট্রা’ সাবস্ক্রাইবাররা ‘জেমিনি ৪ আর্গন’ ব্যবহারের সুবিধাও পাবেন। বর্তমানে এটি শুধু সরকার এবং বিশ্বস্ত অংশীদারদের জন্য চালু রেখেছে গুগল। সূত্র: এনগ্যাজেট

