ফোন চার্জে রেখে ঘুমান? অজান্তেই সারারাত যেসব কাজ করে আপনার স্মার্টফোন
আইটি ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাতে ঘুমানোর আগে স্মার্টফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন অনেকেই। সকালে উঠে দেখেন ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে গেছে। তবে এই সময় ফোনে শুধু ব্যাটারি চার্জ হওয়ার কাজই চলে না। ব্যবহারকারীর অজান্তে ব্যাকগ্রাউন্ডে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে আধুনিক অ্যান্ড্রয়েড ফোন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ-এর এক প্রতিবেদন অনুযায়ী, রাতে চার্জে থাকা অবস্থায় স্মার্টফোন স্বয়ংক্রিয়ভাবে অন্তত চার ধরনের কাজ করতে পারে। এর মধ্যে রয়েছে ব্যাটারির সুরক্ষা, কিবোর্ডের উন্নয়ন, গ্যালারির ছবি সাজানো এবং অ্যাপ চালুর গতি বাড়ানো।
১. ব্যাটারির চার্জ নিয়ন্ত্রণ
স্মার্টফোনের ব্যাটারির আয়ু ভালো রাখতে আধুনিক ফোনে রয়েছে স্মার্ট চার্জিং প্রযুক্তি। ব্যবহারকারীর ঘুম থেকে ওঠার সময় অনুমান করে এই প্রযুক্তি চার্জের গতি নিয়ন্ত্রণ করতে পারে। কোনো কোনো ফোনে ৮০ শতাংশ চার্জ হওয়ার পর চার্জ সাময়িকভাবে আটকে রাখা হয়। পরে ঘুম থেকে ওঠার কাছাকাছি সময়ে ব্যাটারি পুরোপুরি চার্জ করা হয়। এতে দীর্ঘ সময় ১০০ শতাংশ চার্জে থাকার চাপ কমে এবং ব্যাটারির দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
২. কিবোর্ডের এআইয়ের উন্নয়ন
আপনি ফোনে কোন শব্দ বেশি লেখেন, কীভাবে বানান সংশোধন করেন কিংবা কিবোর্ডের কোন পরামর্শ গ্রহণ করেন, এসব অভিজ্ঞতা থেকে শেখে গুগলের জিবোর্ড। চার্জে থাকা ও নিষ্ক্রিয় অবস্থায় ফোনের ব্যাকগ্রাউন্ডে এই শেখার কিছু প্রক্রিয়া চলতে পারে। ফেডারেটেড লার্নিং প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর টাইপিং-সংক্রান্ত তথ্য সরাসরি প্রকাশ না করেই কিবোর্ডের শব্দ অনুমান ও স্বয়ংক্রিয় সংশোধন ব্যবস্থা উন্নত করা হয়।
৩. গ্যালারির ছবি স্বয়ংক্রিয়ভাবে সাজানো
ফোনের গ্যালারিতে একই ব্যক্তির ছবি একসঙ্গে সাজানো কিংবা পোষা প্রাণী ও বিভিন্ন বস্তুর ছবি আলাদা করে শনাক্ত করার পেছনে কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা। ফোন চার্জে থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ডে ছবিগুলো বিশ্লেষণের কাজ চলতে পারে। পাশাপাশি ছবির ভেতরের লেখা শনাক্ত করা এবং একই ধরনের বা ঝাপসা ছবি খুঁজে বের করার মতো কাজও সম্পন্ন হয়। ফলে পরে গ্যালারিতে নির্দিষ্ট শব্দ লিখে সহজেই ছবি খুঁজে পাওয়া যায়।
৪. অ্যাপ চালুর গতি বাড়ানো
কোন অ্যাপ কতবার ব্যবহার করছেন কিংবা কোন অ্যাপ বেশি চালু করেন, তা বিশ্লেষণ করে অ্যান্ড্রয়েডের রানটাইম ব্যবস্থা। এসব তথ্যের ভিত্তিতে অ্যাপ চালুর প্রক্রিয়া আরও কার্যকর করতে পারে অ্যান্ড্রয়েড রানটাইম (এআরটি)। ফোন নিষ্ক্রিয় ও চার্জে থাকা অবস্থায় এ ধরনের অপটিমাইজেশনের কাজ ব্যাকগ্রাউন্ডে সম্পন্ন হতে পারে। ফলে পরবর্তী সময়ে পরিচিত অ্যাপগুলো তুলনামূলক দ্রুত চালু হতে পারে।
রাতে চার্জে থাকা অবস্থায় স্মার্টফোনের ভেতরে একাধিক স্বয়ংক্রিয় প্রক্রিয়া চলতে পারে। এগুলো ব্যাটারির সুরক্ষা থেকে শুরু করে কিবোর্ড, গ্যালারি ও অ্যাপের কার্যক্ষমতা উন্নত করতে ভূমিকা রাখে। তবে সব ফোনে বা প্রতিদিন একইভাবে এসব কাজ হয় না। ফোনের মডেল, অ্যান্ড্রয়েড সংস্করণ ও সেটিংস অনুযায়ী এ প্রক্রিয়ার ধরন ভিন্ন হতে পারে।

