দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা
Advertisement
আইটি ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী জেমিনিকে আরও ব্যক্তিকেন্দ্রিক করে তুলতে পারসোনাল ইন্টেলিজেন্স নামে একটি সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীর অনুমতি নিয়ে গুগলের বিভিন্ন সেবায় সংরক্ষিত তথ্য কাজে লাগিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে এই এআই অ্যাসিস্টেন্ট। এতে আলাদা আলাদা অ্যাপে গিয়ে তথ্য খোঁজার ঝামেলা কমবে।
এ সুবিধার মাধ্যমে জিমেইল, গুগল ফটোস, গুগল সার্চ ও ইউটিউবের তথ্যের মধ্যে সমন্বয় করে ব্যবহারকারীর প্রয়োজন বুঝে উত্তর দিতে পারে জেমিনি। ফলে প্রতিবার প্রশ্ন করার সময় আগের ঘটনা বা পছন্দের বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে না।
একাধিক অ্যাপের তথ্য কাজে লাগবে যেভাবে
ধরা যাক, কেউ আগে কোথাও ভ্রমণে গিয়েছিলেন এবং এখন আবার সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন। জেমিনি জিমেইলে থাকা পুরোনো বুকিংয়ের তথ্য ও গুগল ফটোসে সংরক্ষিত ভ্রমণের ছবি কাজে লাগিয়ে তাকে পরিকল্পনা সাজাতে সহায়তা করতে পারে।
শুধু ভ্রমণ নয়, পুরোনো ই-মেইল থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা, নির্দিষ্ট কোনো ছবি শনাক্ত করা কিংবা ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী বই ও ভ্রমণের জায়গার পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও সুবিধাটি কাজে আসতে পারে। অর্থাৎ, বিভিন্ন সেবায় ছড়িয়ে থাকা তথ্যের প্রাসঙ্গিক অংশ একত্র করে উত্তর দেওয়াই এর মূল উদ্দেশ্য।
যেভাবে চালু করবেন সুবিধাটি
পারসোনাল ইন্টেলিজেন্স ব্যবহার করতে জেমিনি অ্যাপের সেটিংসে গিয়ে পারসোনাল ইন্টেলিজেন্স অপশন নির্বাচন করতে হবে। এরপর কানেক্টেড অ্যাপস থেকে কোন কোন গুগল সেবার তথ্য ব্যবহার করা যাবে, তা নির্ধারণ করা যাবে।
এ সুবিধা চালু করা বাধ্যতামূলক নয়। ব্যবহারকারী চাইলে পরবর্তী সময়ে অনুমতি পরিবর্তন করতে পারবেন, এমনকি সংযুক্ত কোনো অ্যাপের প্রবেশাধিকার বন্ধও করতে পারবেন।
ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ
ব্যক্তিগত তথ্য এআইয়ের কাজে ব্যবহারের বিষয়টি নিয়ে গুগল জানিয়েছে, জিমেইলের ইনবক্স কিংবা গুগল ফটোসে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিও সরাসরি তাদের এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হয় না। তবে জেমিনিয়ের সঙ্গে ব্যবহারকারীর কথোপকথন এবং উত্তরের কিছু নমুনা সেবার মান উন্নয়নের কাজে ব্যবহৃত হতে পারে।
তাই সুবিধাটি চালুর আগে গোপনীয়তা-সংক্রান্ত শর্ত ও অ্যাপের অনুমতিগুলো যাচাই করে নেওয়া প্রয়োজন। বিশেষ করে ই-মেইল, ছবি বা অন্য ব্যক্তিগত তথ্যের মধ্যে কোনগুলো এআইয়ের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হবে, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।
