শেষ হলো শিস্টেম প্রকল্প
২৯০ তরুণীর স্টেম খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নেদারল্যান্ডস দূতাবাসের (ইকেএন) সহায়তায় পরিচালিত শিস্টেম (SheSTEM) কনসোর্টিয়ামের তিন বছর মেয়াদি প্রকল্পের সমাপনী অনুষ্ঠান ২৩ নভেম্বর (সোমবার) রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, শিল্প খাতের নেতা, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা প্রকল্পের অর্জন পর্যালোচনা করেন এবং এতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানান।
বাংলাদেশে স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) খাতে কর্মরতদের মধ্যে নারী মাত্র ১৪ শতাংশ। ২০২৩ সালের নভেম্বর থেকে শিস্টেম ১৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৮৪৫ জন শিক্ষার্থীর কাছে পৌঁছেছে, যাদের ৬০ শতাংশই নারী। প্রকল্পের সহায়তায় ২৯০ জন তরুণী চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন। লাইটক্যাসল পার্টনার্সের নেতৃত্বে গঠিত কনসোর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করেছে। কনসোর্টিয়ামের অন্য সদস্যরা হলো টেন মিনিট স্কুল, এটুআই, ডেভলার্ন কনসাল্টিং ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ।
তিন বছরে শিস্টেম দক্ষতা উন্নয়ন কোর্স, বিজনেস-টেক চ্যালেঞ্জ, রোল মডেল টক, শিল্প খাতের নেতাদের সঙ্গে সরাসরি মেন্টরশিপ, ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট ও চাকরি মেলার আয়োজন করেছে। পাশাপাশি জেন্ডার-অন্তর্ভুক্তিমূলক নিয়োগ নিয়ে গবেষণা ও নীতি-অ্যাডভোকেসি চালিয়েছে। প্রকল্পটি বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি, আইইউটি, এনএসইউ, এইউএসটি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিএসআরএম ও ওয়ালটনের মতো নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে।
প্রকল্পের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে- ৭০০ জনের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীর ওপর জরিপের ভিত্তিতে তৈরি শিস্টেম বিজনেস কেস রিপোর্ট', যা স্টেম খাতে নারীদের জন্য বিনিয়োগের অর্থনৈতিক যৌক্তিকতা তুলে ধরে। ২০২৫ সালে শিল্প খাতের ২৭ জন নেতৃস্থানীয় ব্যক্তিকে নিয়ে মেন্টরশিপ কর্মসূচি চালু হয়, যেখানে তারা শিক্ষার্থীদের সরাসরি পরামর্শ দেন। চুয়েটের ১৮ জন ছাত্রী বিএসআরএমের কারখানায় প্রথম শিস্টেম-বিএসআরএম ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সম্পন্ন করেন। এছাড়া কুয়েটে আয়োজিত 'কেস ক্র্যাক ২.০০-এর মতো বিজনেস-টেক চ্যালেঞ্জে ৩০০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন।
স্বাগত বক্তব্যে লাইটক্যাসল পার্টনার্সের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম বলেন, তিন বছর আগে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, মেধার কোনো জেন্ডার নেই। আজ আমরা সেই নারীদের উদ্যাপন করছি, যারা তা প্রমাণ করেছেন; আর সেই সহযোগীদেরও, যারা তাদের জন্য জায়গা করে দিয়েছেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভলার্ন কনসাল্টিংয়ের ম্যানেজিং পার্টনার। স্টেম খাতে নারীদের জন্য সমতাভিত্তিক পথ তৈরি নিয়ে প্যানেল আলোচনায় অংশ নেন এনএসইউ, এইউএসটি, এটুআই, বিএসআরএম ও ইউএনডিপির প্রতিনিধিরা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফন বোমেল। অনুষ্ঠানে মেন্টর, বিশ্ববিদ্যালয় ক্লাব, ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং বিএসআরএম, ওয়ালটন ও ক্রাইজোটেকসহ নিয়োগদাতা প্রতিষ্ঠানকে "শিস্টেম অ্যাওয়ার্ডস" দেওয়া হয়।
প্রকল্প শেষ হলেও এর মাধ্যমে গড়ে ওঠা অংশীদারত্ব, মেন্টর নেটওয়ার্ক ও কর্মসংস্থানের পথ অব্যাহত থাকবে। বাংলাদেশে ক্যারিয়ারের কোনো জেন্ডার নেই।
