ফোনে আড়ি পাতছে স্পাইওয়্যার, বুঝবেন যেভাবে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
স্মার্টফোনে অস্বাভাবিক কিছু ঘটলেই অনেকে সেটিকে যান্ত্রিক ত্রুটি বলে মনে করেন। কিন্তু ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়া, অতিরিক্ত গরম হয়ে যাওয়া কিংবা অকারণে ইন্টারনেট ডেটা খরচের মতো ঘটনা স্পাইওয়্যারের উপস্থিতির ইঙ্গিতও হতে পারে। এসব ক্ষতিকর সফটওয়্যার ব্যবহারকারীর অজান্তেই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে অন্যের কাছে পাঠাতে পারে।
সাইবার নিরাপত্তাবিষয়ক ওয়েবসাইট জেডডিনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পাইওয়্যার এমন এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার, যা স্মার্টফোনে গোপনে সক্রিয় থেকে ব্যবহারকারীর অবস্থান, অনলাইন কার্যক্রম, ফোনকল ও বার্তার তথ্য নজরদারি করতে পারে। এমনকি ফোনের ক্যামেরা ব্যবহার, স্ক্রিনশট নেওয়া এবং পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য চুরির সক্ষমতাও থাকতে পারে এসব সফটওয়্যারের।
সাধারণত ক্ষতিকর অ্যাপ, ভুয়া ইমেইল, এসএমএস কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো সন্দেহজনক লিংকের মাধ্যমে ফোনে স্পাইওয়্যার প্রবেশ করে। কোনো কোনো ক্ষেত্রে ফোন হাতে নিয়ে সরাসরি ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করেও নজরদারি চালানো হয়।
স্পাইওয়্যার থাকার সম্ভাব্য লক্ষণ
ফোনে স্পাইওয়্যার আছে কি না, তা সব সময় সহজে বোঝা যায় না। তবে কয়েকটি অস্বাভাবিক পরিবর্তন সতর্ক হওয়ার কারণ হতে পারে।
ব্যাটারি দ্রুত শেষ হওয়া: ফোন ব্যবহার না করলেও চার্জ দ্রুত কমে যেতে পারে। পাশাপাশি ডিভাইস অতিরিক্ত গরম হওয়া কিংবা স্বাভাবিকের তুলনায় ধীরগতিতে কাজ করার ঘটনাও দেখা দিতে পারে।
অস্বাভাবিক আচরণ: ব্যবহারকারীর নির্দেশ ছাড়াই ক্যামেরা বা জিপিএস চালু হওয়া, ফোন নিজে থেকে রিস্টার্ট নেওয়া কিংবা বারবার অ্যাপ বন্ধ হয়ে যাওয়া সন্দেহের কারণ হতে পারে।
অতিরিক্ত ডেটা খরচ: ফোনের ব্যক্তিগত তথ্য গোপনে অন্য সার্ভারে পাঠানোর কারণে মোবাইল ডেটার ব্যবহার বেড়ে যেতে পারে।
অচেনা অ্যাপ: ফোনে এমন কোনো অ্যাপ পাওয়া গেলে, যা নিজে ইনস্টল করেননি বা যার কাজ সম্পর্কে ধারণা নেই, সেটি পরীক্ষা করা জরুরি। কিছু স্পাইওয়্যার ক্যালকুলেটর, ক্যালেন্ডার কিংবা সাধারণ ইউটিলিটি অ্যাপের ছদ্মবেশেও থাকতে পারে।
অস্বাভাবিক পপ-আপ: বারবার বিজ্ঞাপন ভেসে ওঠা কিংবা ব্রাউজারের সার্চ ইঞ্জিন ও হোমপেজ নিজে থেকে বদলে যাওয়ার ঘটনা অ্যাডওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যারের ইঙ্গিত হতে পারে।
ফোনকলে সমস্যা: কথা বলার সময় অস্বাভাবিক শব্দ বা বিকৃতি শোনা যেতে পারে। তবে দুর্বল নেটওয়ার্কের কারণেও এমন সমস্যা হতে পারে।
অপরিচিত আর্থিক লেনদেন: স্পাইওয়্যার প্রয়োজনীয় অনুমতি পেলে ব্যবহারকারীর অজান্তে প্রিমিয়াম এসএমএস সেবা বা অর্থের বিনিময়ে চালু হওয়া বিভিন্ন পরিষেবায় যুক্ত করতে পারে।
অ্যান্ড্রয়েড ও আইফোনে যেভাবে পরীক্ষা করবেন
অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টল করার অনুমতি চালু আছে কি না, তা পরীক্ষা করা উচিত। ফোনের নিরাপত্তা সেটিংসের পাশাপাশি ‘ইনস্টল আননোন অ্যাপস’ অপশনেও নজর দিতে হবে। সেখানে অপরিচিত কোনো অ্যাপের অনুমতি থাকলে সতর্ক হওয়া প্রয়োজন।
অন্যদিকে, আইফোনে সাধারণত ম্যালওয়্যার প্রবেশের ঝুঁকি তুলনামূলক কম। তবে সফটওয়্যারের দুর্বলতা, পুরোনো অপারেটিং সিস্টেম কিংবা ফোনে সরাসরি প্রবেশাধিকার পাওয়ার মাধ্যমে ঝুঁকি তৈরি হতে পারে। তাই আইফোনের সফটওয়্যার নিয়মিত হালনাগাদ রাখা জরুরি।
স্পাইওয়্যার থেকে বাঁচতে করণীয়
ফোনে সন্দেহজনক কোনো সফটওয়্যার পাওয়া গেলে প্রথমেই নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার দিয়ে স্ক্যান করা যেতে পারে। পাশাপাশি অচেনা অ্যাপ মুছে ফেলা এবং কোন অ্যাপ কী ধরনের অনুমতি পাচ্ছে, তা পরীক্ষা করা প্রয়োজন।
এ ছাড়া কয়েকটি সতর্কতা মেনে চললে স্পাইওয়্যারের ঝুঁকি কমানো সম্ভব—
- গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোর ছাড়া অন্য উৎস থেকে অ্যাপ ইনস্টল না করা।
- অপারেটিং সিস্টেম ও অ্যাপ নিয়মিত হালনাগাদ রাখা।
- অচেনা লিংক, ইমেইল ও এসএমএসের সংযুক্তি এড়িয়ে চলা।
- প্রয়োজনের অতিরিক্ত অনুমতি চাওয়া অ্যাপ সম্পর্কে সতর্ক থাকা।
- ফোনে পিন, পাসওয়ার্ড বা বায়োমেট্রিক নিরাপত্তা চালু রাখা।
- নিয়মিত নিরাপত্তা সফটওয়্যার দিয়ে ফোন পরীক্ষা করা।
- গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা।
সন্দেহজনক অ্যাপ সরানোর পর গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ডও পরিবর্তন করা উচিত। সম্ভব হলে আক্রান্ত ফোনের পরিবর্তে নিরাপদ অন্য কোনো কম্পিউটার বা ডিভাইস থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।
শেষ উপায় ফ্যাক্টরি রিসেট
অন্যান্য পদ্ধতিতে স্পাইওয়্যার দূর করা সম্ভব না হলে ফোন ফ্যাক্টরি রিসেট করার কথা বিবেচনা করা যেতে পারে। তবে এ প্রক্রিয়ায় ফোনের তথ্য মুছে যেতে পারে। তাই আগে প্রয়োজনীয় তথ্যের ব্যাকআপ রাখা জরুরি। কিছু উন্নত ম্যালওয়্যার ফ্যাক্টরি রিসেটের পরও থেকে যেতে পারে।
বিশেষ করে কেউ যদি ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকিতে থাকেন এবং মনে করেন পরিচিত কেউ তার ফোনে নজরদারি করছেন, তাহলে নিজে থেকে স্পাইওয়্যার মুছে ফেলার আগে সতর্ক হওয়া প্রয়োজন। কারণ সফটওয়্যার সরানোর বিষয়টি নজরদারিকারীর কাছে ধরা পড়তে পারে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট সহায়তা সংস্থার পরামর্শ নেওয়া উচিত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিভাবক বা কর্মীদের নজরদারির জন্য তৈরি কিছু অ্যাপও অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করতে পারে। তাই ব্যক্তিগত ফোনে এ ধরনের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন।
