Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

এবার স্বাস্থ্য পরামর্শ দেবে চ্যাটজিপিটি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

এবার স্বাস্থ্য পরামর্শ দেবে চ্যাটজিপিটি

ছবি: সংগৃহীত

Advertisement

স্মার্টওয়াচ ও মুঠোফোনে জমা হওয়া স্বাস্থ্য ও শরীরচর্চার তথ্য বিশ্লেষণ করে ব্যক্তিগত পরামর্শ দিতে পারবে চ্যাটজিপিটি। নতুন এই সুবিধার ফলে ব্যবহারকারীরা নিজেদের ঘুম, হাঁটাচলা, ব্যায়াম ও দৈনন্দিন শারীরিক কর্মকাণ্ড সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকরাডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা চ্যাটজিপিটির স্বাস্থ্যবিষয়ক সুবিধার পরিধি বাড়িয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। নতুন সম্প্রসারণের ফলে অ্যান্ড্রয়েড মুঠোফোন ও ডেস্কটপ কম্পিউটার থেকেও এই সুবিধা ব্যবহার করা যাবে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগলের স্বাস্থ্যতথ্য সংযোগব্যবস্থার মাধ্যমে বিভিন্ন শরীরচর্চার অ্যাপ ও স্মার্টঘড়ির তথ্য চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করতে পারবেন।

সাধারণত স্মার্টঘড়ি ও শরীরচর্চার বিভিন্ন যন্ত্র ব্যবহারকারীর হাঁটার পদক্ষেপ, ঘুমের সময়, ব্যায়াম এবং শারীরিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করে। কিন্তু এসব তথ্যের অর্থ বোঝা কিংবা সেগুলো কাজে লাগিয়ে দৈনন্দিন অভ্যাস পরিবর্তন করা অনেকের জন্য কঠিন। চ্যাটজিপিটি এবার এসব তথ্য সহজ ভাষায় ব্যাখ্যা করে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবে।

যেভাবে যুক্ত করবেন স্বাস্থ্যতথ্য

নতুন সুবিধা ব্যবহার করতে অ্যান্ড্রয়েড মুঠোফোনে চ্যাটজিপিটির হালনাগাদ সংস্করণ ইনস্টল করতে হবে। এরপর অ্যাপের পাশের তালিকা অথবা অনুসন্ধান অংশ থেকে স্বাস্থ্যবিষয়ক সুবিধাটি চালু করে গুগলের স্বাস্থ্যতথ্য সংযোগব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে।

এ সময় ব্যবহারকারীকে বেছে নিতে হবে, কোন কোন ধরনের তথ্য চ্যাটজিপিটির সঙ্গে ভাগ করতে চান। অনুমতি দেওয়ার পর সংযুক্ত বিভিন্ন শরীরচর্চার অ্যাপ থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করতে পারবে সেবাটি।

গারমিন স্মার্টঘড়ি কিংবা ওউরা রিংয়ের মতো যন্ত্র ব্যবহারকারীদের সংশ্লিষ্ট অ্যাপের সঙ্গে গুগলের স্বাস্থ্যতথ্য সংযোগব্যবস্থার তথ্য আদান-প্রদান চালু রাখতে হবে। কোন যন্ত্র কী ধরনের তথ্য সংগ্রহ করছে, তার ওপর নির্ভর করবে চ্যাটজিপিটির বিশ্লেষণের পরিধি।

ঘুম ও ব্যায়ামের অভ্যাসও বিশ্লেষণ

এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের দৈনন্দিন অভ্যাস সম্পর্কে নানা প্রশ্ন করতে পারবেন। যেমন, কর্মদিবস ও ছুটির দিনে ঘুমের সময়ের মধ্যে কতটা পার্থক্য রয়েছে, তা জানতে পারবেন।

এমনকি যেদিন বেশি শারীরিক পরিশ্রম হয়, সেদিন রাতে ঘুমের সময় বাড়ে নাকি কমে, সেটিও বিশ্লেষণ করতে পারবে চ্যাটজিপিটি।

যারা নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে চান, তাদের সপ্তাহের কোন দিনগুলোতে দীর্ঘ সময় হাঁটার সুযোগ বেশি থাকে, সে বিষয়েও ধারণা দিতে পারবে এটি। ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে ব্যায়াম করতে না পারলে বিকল্প সময় খুঁজে দেওয়ার মতো পরামর্শও পাওয়া যাবে।

ব্যক্তিগত তথ্য শেয়ারে সতর্কতা জরুরি

তবে ব্যক্তিগত স্বাস্থ্যতথ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। ঘুমের সময়, শারীরিক কর্মকাণ্ড ও দৈনন্দিন অভ্যাসের তথ্য একত্র হলে একজন মানুষের জীবনযাপন সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব।

ওপেনএআই জানিয়েছে, স্বাস্থ্যবিষয়ক সুবিধার মাধ্যমে পাওয়া ব্যক্তিগত তথ্য তারা বিক্রি করে না। ব্যবহারকারীরা নিজেরাই ঠিক করতে পারবেন কোন তথ্য এবং কোন হিসাব যুক্ত করবেন। তবে ব্যক্তিগত স্মৃতির সুবিধা চালু থাকলে স্বাস্থ্যবিষয়ক কথোপকথনের তথ্যও সেখানে যুক্ত হতে পারে। তাই তথ্য যুক্ত করার আগে ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্য ব্যবহারের সেটিংস পর্যালোচনা করা জরুরি।

এ ছাড়া স্মার্টঘড়ি বা শরীরচর্চার যন্ত্র সব সময় নিখুঁত তথ্য দিতে পারে না। ফলে যন্ত্রের পরিমাপে ভুল থাকলে চ্যাটজিপিটির বিশ্লেষণেও ভুল হওয়ার আশঙ্কা রয়েছে।

দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক পাওয়া গেলেই একটিকে অন্যটির কারণ হিসেবে ধরে নেওয়া যাবে না। যেমন, বেশি ব্যায়ামের পর ঘুম কম হওয়ার প্রবণতা দেখা গেলেও এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

ওপেনএআই জানিয়েছে, এই সুবিধা চিকিৎসকের বিকল্প নয়। রোগ নির্ণয় কিংবা চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়নি। বরং ব্যক্তিগত স্বাস্থ্যতথ্য বুঝতে এবং স্বাস্থ্যসেবা গ্রহণে সহায়তা করাই এর লক্ষ্য।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৮ বছর বা তার বেশি বয়সী বিনা মূল্যের ও অর্থের বিনিময়ে ব্যবহৃত বিভিন্ন সংস্করণের গ্রাহকেরা এই সুবিধা পাবেন। তবে পর্যায়ক্রমে চালু হওয়ায় সবার মুঠোফোনে একসঙ্গে এটি পাওয়া নাও যেতে পারে। ডেস্কটপ ও অ্যান্ড্রয়েডের পাশাপাশি উন্নত কিছু সুবিধা ব্যবহারের জন্য নির্দিষ্ট অর্থের বিনিময়ে নেওয়া গ্রাহক হতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আপনার পছন্দ বুঝে পণ্য কিনবে ওপেনএআই, চ্যাটজিপিটির হাতে ‘এআই ওয়ালেট’

আপনার পছন্দ বুঝে পণ্য কিনবে ওপেনএআই, চ্যাটজিপিটির হাতে ‘এআই ওয়ালেট’

চ্যাটজিপিটিতে যুক্ত হলো ‘বিজনেস হাব’, কী সুবিধা পাবেন ব্যবসায়ীরা

চ্যাটজিপিটিতে যুক্ত হলো ‘বিজনেস হাব’, কী সুবিধা পাবেন ব্যবসায়ীরা

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ বন্ধের পর তরুণীর মৃত্যু, ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ বন্ধের পর তরুণীর মৃত্যু, ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা

ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো

ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো

জিপিটি-৬-এ কী কী নতুন সুবিধা পাবেন ব্যবহারকারীরা

জিপিটি-৬-এ কী কী নতুন সুবিধা পাবেন ব্যবহারকারীরা

চ্যাটজিপিটিতে ভয়াবহ ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা

চ্যাটজিপিটিতে ভয়াবহ ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা

আরও পড়ুন

এবার স্বাস্থ্য পরামর্শ দেবে চ্যাটজিপিটি

এবার স্বাস্থ্য পরামর্শ দেবে চ্যাটজিপিটি

ফোনে আড়ি পাতছে স্পাইওয়্যার, বুঝবেন যেভাবে

ফোনে আড়ি পাতছে স্পাইওয়্যার, বুঝবেন যেভাবে

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা

সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, দৈনিক মিলবে ২০০ টাকা

সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, দৈনিক মিলবে ২০০ টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম