Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

আপনার পছন্দ বুঝে পণ্য কিনবে ওপেনএআই, চ্যাটজিপিটির হাতে ‘এআই ওয়ালেট’

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

আপনার পছন্দ বুঝে পণ্য কিনবে ওপেনএআই, চ্যাটজিপিটির হাতে ‘এআই ওয়ালেট’

ছবি: সংগৃহীত

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় অনলাইন কেনাকাটাকে আরও সহজ ও স্বয়ংক্রিয় করতে নতুন উদ্যোগ নিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি চালু করেছে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’।

এর মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কেনাকাটার বিভিন্ন ধাপও সম্পন্ন করতে পারবে এআই এজেন্ট। অর্থাৎ পণ্য বাছাই থেকে শুরু করে মূল্য পরিশোধের প্রস্তুতি পর্যন্ত ব্যবহারকারীর হয়ে কাজ করবে চ্যাটজিপিটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ-এর প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (১৩ নভেম্বর) নতুন এ সুবিধার ঘোষণা দেয় ওপেনএআই। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু চ্যাটজিপিটি প্রো গ্রাহকের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। তবে এ সুবিধা ব্যবহারের জন্য গ্রাহকের বয়স অন্তত ১৮ বছর হতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ইস্যু করা ভিসা, মাস্টারকার্ড কিংবা আমেরিকান এক্সপ্রেস কার্ড থাকা বাধ্যতামূলক।

নতুন ওয়ালেট সুবিধায় চ্যাটজিপিটির ‘ডটস’ নামের এআই এজেন্ট ব্যবহারকারীর চাহিদা বুঝে উপযুক্ত পণ্য খুঁজে দিতে পারবে। পছন্দের পণ্য চূড়ান্ত করার পর কেনাকাটার পরবর্তী প্রক্রিয়াতেও সহায়তা করবে এটি।

তবে পুরো প্রক্রিয়ায় ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বজায় রাখার ব্যবস্থা রেখেছে ওপেনএআই। অর্থ পরিশোধের আগে পণ্যের বিস্তারিত বিবরণ, সর্বমোট খরচ এবং কোন কার্ড থেকে টাকা কাটা হবে, তা যাচাই করতে পারবেন গ্রাহক। সবকিছু ঠিক থাকলে ফেস আইডি কিংবা আঙুলের ছাপের মাধ্যমে লেনদেনের অনুমোদন দিতে হবে। পাশাপাশি প্রতিটি কেনাকাটার তথ্যও সংরক্ষিত থাকবে।

যেভাবে কাজ করবে চ্যাটজিপিটি ওয়ালেট

এ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে চ্যাটজিপিটির ওয়ালেটে সমর্থিত ব্যাংক কার্ড যুক্ত করতে হবে। এরপর ডটস এআই এজেন্টকে প্রয়োজনীয় পণ্য কেনার নির্দেশনা দিলেই সেটি পণ্য খোঁজা ও নির্বাচনের কাজে সহায়তা করবে। একবার কার্ড যুক্ত করা হলে প্রতিবার কেনাকাটার সময় নতুন করে কার্ডের তথ্য দেওয়ার প্রয়োজন হবে না।

পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হবে বিশেষ টোকেন প্রযুক্তি। এটি প্রকৃত কার্ডের তথ্যের পরিবর্তে কাজ করবে। ফলে এআই এজেন্ট কিংবা অনলাইন বিক্রেতার কাছে ব্যবহারকারীর আসল কার্ডের তথ্য প্রকাশিত হবে না।

তবে পণ্য পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য, যেমন গ্রাহকের ঠিকানা ও যোগাযোগের বিবরণ, সংশ্লিষ্ট বিক্রেতার কাছে পাঠানো হবে।

ওপেনএআইয়ের দাবি, নতুন ব্যবস্থায় কেনাকাটা করলেও ক্রেডিট কার্ডের প্রচলিত সুবিধাগুলো অক্ষুণ্ন থাকবে। অর্থাৎ কার্ড ব্যবহারের বিপরীতে পাওয়া রিওয়ার্ড বা পুরস্কার সুবিধা এবং কোনো লেনদেন নিয়ে অভিযোগ জানানোর সুযোগও পাবেন গ্রাহক।

ভবিষ্যতে আরও স্বয়ংক্রিয় হবে কেনাকাটা

প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ব্যবহারকারীর ওপর নতুন সুবিধাটি পরীক্ষা করছে ওপেনএআই। প্রযুক্তিটির কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় উন্নয়ন করাই এই পরীক্ষামূলক কার্যক্রমের উদ্দেশ্য। সফল হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এটি চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

এছাড়া কেনাকাটার ক্ষেত্রে এআই এজেন্টের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়ানোর বিষয়েও কাজ করছে ওপেনএআই। ভবিষ্যতে নির্দিষ্ট বাজেট, পণ্যের ধরন এবং কেনাকাটার সময়সীমা আগেই নির্ধারণ করে দেওয়ার সুবিধা যুক্ত হতে পারে। এতে ব্যবহারকারীর দেওয়া শর্ত মেনেই স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটা করতে পারবে এআই এজেন্ট।

তবে এই প্রযুক্তি বাস্তবায়নে কিছু বাধাও রয়েছে। বেশ কয়েকটি অনলাইন বিক্রয় প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে এআই এজেন্টের প্রবেশ ও কার্যক্রম সীমিত করছে। অ্যামাজনের মতো বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানও এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটার বিষয়ে নিরুৎসাহিত করছে। এর পরিবর্তে নিজেদের এআই সহকারী অ্যালেক্সার মাধ্যমে কেনাকাটায় গ্রাহকদের আগ্রহী করতে চায় তারা।

এদিকে অনলাইন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এআইনির্ভর বাণিজ্যের জন্য প্রস্তুত করতে ‘কমার্স পার্টনার প্লেবুক’ নামে একটি নির্দেশিকাও প্রকাশ করেছে ওপেনএআই। এতে বিক্রেতাদের জন্য বিভিন্ন প্রযুক্তিগত নির্দেশনা ও প্রয়োজনীয় টুল যুক্ত করা হয়েছে।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যক্তিগত কাজ পরিচালনায় এআই এজেন্ট ব্যবহারের প্রবণতা ক্রমেই বাড়ছে। ডোরড্যাশ ও উবারের মতো প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, এখনো তাদের প্ল্যাটফর্মে এআই এজেন্টের মাধ্যমে অর্ডারের সংখ্যা তুলনামূলক কম। অন্যদিকে মেটার ‘মিউজ’ এআই সেবায় কেনাকাটা ইতোমধ্যে ব্যবহারকারীদের জনপ্রিয় কার্যক্রমগুলোর একটি হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে অনলাইন কেনাকাটায় এআইয়ের ক্রমবর্ধমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে ওপেনএআই। চ্যাটজিপিটি ওয়ালেট সেই পরিকল্পনারই নতুন সংযোজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এআই দিয়ে পরীক্ষায় নকল, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম

এআই দিয়ে পরীক্ষায় নকল, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম

নিজস্ব প্রযুক্তির এআই আনল ইরান

নিজস্ব প্রযুক্তির এআই আনল ইরান

সারা দেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

সারা দেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

এআইয়ের ভুল কমাতে গুগলের নতুন চমক

এআইয়ের ভুল কমাতে গুগলের নতুন চমক

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ভাতা

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ভাতা

চ্যাটজিপিটিতে যুক্ত হলো ‘বিজনেস হাব’, কী সুবিধা পাবেন ব্যবসায়ীরা

চ্যাটজিপিটিতে যুক্ত হলো ‘বিজনেস হাব’, কী সুবিধা পাবেন ব্যবসায়ীরা

আরও পড়ুন

আপনার পছন্দ বুঝে পণ্য কিনবে ওপেনএআই, চ্যাটজিপিটির হাতে ‘এআই ওয়ালেট’

আপনার পছন্দ বুঝে পণ্য কিনবে ওপেনএআই, চ্যাটজিপিটির হাতে ‘এআই ওয়ালেট’

জিটিএ-৬ ঘিরে উন্মাদনা, ১০ কোটি ‘পিএস ফাইভ’ সরবরাহ করল সনি

জিটিএ-৬ ঘিরে উন্মাদনা, ১০ কোটি ‘পিএস ফাইভ’ সরবরাহ করল সনি

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’, মুছে যাবে সব তথ্য

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’, মুছে যাবে সব তথ্য

একাধিক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের জন্য মেটার বড় সিদ্ধান্ত

একাধিক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের জন্য মেটার বড় সিদ্ধান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম