বেসরকারি খাতের চ্যালেঞ্জ
ব্যবসার পরিবেশের উন্নতি ঘটাতে হবে
সম্পাদকীয়
প্রকাশ: ২৫ জুন ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বব্যাংক ও এর সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) এক যৌথ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশকে আগামী দিনে টেকসই উন্নয়ন ধরে রাখতে হলে বেসরকারি খাতকে তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
এ চ্যালেঞ্জগুলো হলো-প্রাতিষ্ঠানিক কাঠামোগত সংস্কার, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ। বলার অপেক্ষা রাখে না, বেসরকারি খাত হলো দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি।
উন্নয়নের পেছনে এ খাতের অবদান ৭০ শতাংশেরও বেশি। কাজেই বেসরকারি খাতে মন্দাভাব দেখা দিলে সার্বিকভাবে দেশের উন্নয়নের গতিও যে মন্থর হয়ে পড়বে, তা সহজেই অনুমেয়। দুশ্চিন্তার বিষয় হলো, দেশে বেসরকারি খাতে বিনিয়োগ পরিস্থিতি দীর্ঘদিন ধরেই ভালো নয়। বর্তমানে করোনা পরিস্থিতিতে তা আরও খারাপ হয়েছে। এ বাস্তবতায় আগামী দিনে টেকসই উন্নয়ন ধরে রাখতে হলে বেসরকারি খাতের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সরকারকে তৎপর হতে হবে। বেসরকারি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় এ খাতের দক্ষতা বাড়াতে হবে। এ খাতের এগিয়ে যাওয়ার পথে বাধাগুলো দূর করতে হবে।
আমরা জানি, বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেসের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান শেষের দিকে। সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরও দেশে ব্যবসার পরিবেশের উন্নতি হয়নি। এর কারণ খতিয়ে দেখতে হবে। প্রকৃত সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করতে হবে।
সাধারণভাবে বলা যায়, নানা ধরনের প্রক্রিয়াগত ও আইনি জটিলতার কারণে শিল্প-কারখানা গড়ে তোলার উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে এখানে। কখনো বা প্রলম্বিত হচ্ছে প্রক্রিয়া। দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা দেশে সহজে ব্যবসা করার ক্ষেত্রে বড় বাধা এখনো। তাছাড়া কর দেওয়ার ক্ষেত্রে হয়রানি, জমির নামজারি করতে মাত্রাতিরিক্ত টাকা-এসবও উদ্যোক্তাদের নিরুৎসাহিত করে। বিশেষজ্ঞদের মতে, দেশে ব্যবসার পরিবেশ এখনো অনুকূল নয়। এ কারণে নতুন শিল্পোদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহবোধ করেন না। সরকারের উচিত অবিলম্বে এসব দিকে দৃষ্টি দেওয়া।
বস্তুত দেশে দেশি বা বিদেশি কোনো ক্ষেত্রেই বিনিয়োগ পরিস্থিতি ভালো নয়। সম্প্রতি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ২৫৮ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ৩১ কোটি ডলার অর্থাৎ প্রায় ১১ শতাংশ কম। আর যতটুকু বিনিয়োগ এসেছে, তার বেশিরভাগ দিয়েই দেশে বিদ্যমান কোম্পানিগুলো তাদের মুনাফা পুনঃবিনিয়োগ করেছে। নতুন বিনিয়োগ একেবারেই কম। আঙ্কটাডের এ তথ্যের মধ্য দিয়ে সার্বিকভাবে দেশে বিনিয়োগে মন্দাবস্থার বিষয়টিই প্রকাশ পেয়েছে। আর বিনিয়োগ না বাড়লে বেসরকারি খাতের উন্নতি আশা করা বৃথা। দেশি বিনিয়োগ বাড়লে বিদেশিরাও এ দেশে বিনিয়োগে আগ্রহী হবে। বস্তুত দেশে ব্যবসার পরিবেশ এখনো অনুকূল নয়। এ কারণে নতুন শিল্পোদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহবোধ করেন না। সরকারের উচিত অবিলম্বে এসব দিকে দৃষ্টি দেওয়া। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়লে, শিল্পায়ন ঘটলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হলে উন্নয়নশীল এবং পরবর্তী ধাপে উন্নত দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তোলার পথটিও মসৃণ হবে। বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসাবে বাংলাদেশের যে পরিচিতি গড়ে উঠেছে, দৃঢ় হবে তার ভিত্তি।
