খোলা আকাশের নিচে পাঠদান
গ্রামের শিক্ষাব্যবস্থার প্রতি অবহেলা দূর হোক
সম্পাদকীয়
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার কথা জ্ঞানচর্চা এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার কেন্দ্র। অথচ পাবনার চাটমোহর উপজেলার ধানকুনিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের চিত্র আমাদের সেই প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। জরাজীর্ণ টিনের ঘর, হেলে পড়া বাঁশের খুঁটি, শ্রেণিকক্ষের অভাব এবং সীমানা প্রাচীরহীন একটি বিদ্যালয়ে খোলা আকাশের নিচে পাঠ নিতে হয় এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। গতকাল যুগান্তরের প্রথম পৃষ্ঠায় খোলা মাঠে পাঠদানের যে ছবিটি প্রকাশিত হয়েছে, তা শুধু এ বিদ্যালয়ের দুরবস্থার চিত্র নয়, গ্রামের শিক্ষাব্যবস্থার প্রতি কর্তৃপক্ষের অবহেলারও নজির।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে। বর্তমানে আড়াই শতাধিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। অথচ ২০১৯ সালে নির্মিত তিন কক্ষের ভবনে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান সম্ভব হলেও নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বসতে হয় খোলা মাঠে। তীব্র রোদ, শীতের কুয়াশা কিংবা ঝড়বৃষ্টি-কোনো কিছুই তাদের পাঠদানের অনুকূল নয়। বৃষ্টি শুরু হলে ছুটি দেওয়া ছাড়া শিক্ষকদের কোনো উপায় থাকে না। এভাবে শিক্ষার পরিবেশ ও পাঠের ধারাবাহিকতা দুটোই ব্যাহত হয়। আরও উদ্বেগজনক বিষয় হলো, বিদ্যালয়টির সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। একটি বালিকা বিদ্যালয়ে এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যেখানে প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব, সেখানে তারা নিজেরাই যদি অনিরাপদ বোধ করে, তাহলে পড়াশোনায় মনোযোগী হওয়া কঠিন।
প্রশ্ন হচ্ছে, বছরের পর বছর আবেদন জানিয়েও কেন বিদ্যালয়টি নতুন ভবন ও সীমানা প্রাচীর পেল না? উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজেও বিদ্যালয়টির নানা সমস্যা দেখেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু শুধু সমস্যা চিহ্নিত করা কিংবা আশ্বাস দেওয়াই যথেষ্ট নয়। প্রয়োজন কার্যকর উদ্যোগ। আমরা মনে করি, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের উচিত অবিলম্বে বিদ্যালয়টির অবকাঠামোগত সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া। অগ্রাধিকার ভিত্তিতে নতুন ভবন, সীমানা প্রাচীর, পর্যাপ্ত শৌচাগার ও বিজ্ঞানাগার নির্মাণ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ড বন্ধে নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা। মনে রাখতে হবে, একটি মেয়ের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার অর্থ একটি পরিবারের স্বপ্ন ক্ষতিগ্রস্ত হওয়া। গ্রামের দরিদ্র পরিবারের মেয়েদের শিক্ষার পথ সুগম করতে হলে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে।
