তৈরি পোশাক খাতের চ্যালেঞ্জ
বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট পর্যালোচনা করুন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রোববার বাংলাদেশ ব্যাংক দেশের তৈরি পোশাক খাত নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা উদ্বেগজনক। এতে বলা হয়েছে, তৈরি পোশাক খাতের রপ্তানি চারটি বড় কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। কারণগুলো হলো-বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য রপ্তানিকারক দেশের সঙ্গে তীব্র প্রতিযোগিতা। এছাড়াও বাংলাদেশ ব্যাংক মনে করে, এ দেশের তৈরি পোশাক রপ্তানি দুটি বিশেষ অঞ্চলে কেন্দ্রীভূত হওয়ার কারণেও চ্যালেঞ্জের মাত্রা বেড়ে গেছে। এ দুটি অঞ্চল হলো যথাক্রমে ইউরোপ ও আমেরিকা। ইতোমধ্যে এ দুই অঞ্চলে পোশাক রপ্তানির পরিমাণ কমে গেছে। তবে বাংলাদেশ ব্যাংক আশা প্রকাশ করেছে, পোশাক খাতে চ্যালেঞ্জ থাকলেও স্বল্প মেয়াদে পোশাক রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।
বাংলাদেশ ব্যাংক তৈরি পোশাক খাতের রপ্তানি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা প্রকৃতপক্ষে সব মহলের। এমনকি তৈরি পোশাকশিল্পের মালিক সম্প্রদায়ও তাদের ব্যবসা-বাণিজ্য নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন। চ্যালেঞ্জগুলোর সঙ্গে বর্তমান সময়ে পোশাক শ্রমিকরা মজুরি বাড়ানোর যে আন্দোলন করছেন, সেটাও এক বড় দুশ্চিন্তার কারণ হিসাবে যুক্ত হয়েছে। মজুরি বাড়ানোর আন্দোলন এই শিল্পে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। চলমান আন্দোলনকে সঠিকভাবে মোকাবিলা করা এখন এক বড় জাতীয় দায়িত্ব হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে মজুরি বৃদ্ধির আন্দোলন সম্পর্কে কিছু বলা না হলেও সংকট কাটানোর কিছু পরামর্শও দেওয়া হয়েছে। এর মধ্যে ভবিষ্যতে রপ্তানির ক্ষেত্রে বৈচিত্র্য আনার বিষয়টি অন্যতম। অর্থাৎ রপ্তানির নতুন নতুন বাজার খুঁজে বের করার কথা বলা হয়েছে। একইসঙ্গে উৎপাদিত পণ্যের মূল্য সংযোজনের হার বাড়ানোর কথা তো রয়েছেই। আরেকটি জরুরি পরামর্শ হলো, উৎপাদনশীলতা বাড়িয়ে উৎপাদন ব্যয় কমানোর প্রয়োজনীয়তা। সবচেয়ে বড় কথা, এ খাতে যে দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে অবশ্যই।
আমরা মনে করি, তৈরি পোশাক খাতের সন্তোষজনক রপ্তানির জন্য শিল্পমালিক, পোশাক শ্রমিক, সর্বোপরি সরকার-এই তিন পক্ষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এ শিল্পের প্রতি মনোযোগ দিতে হবে। এই তিন পক্ষ যদি বর্তমান চ্যালেঞ্জগুলোর প্রতি আন্তরিক থাকতে পারে, তাহলে চ্যালেঞ্জ যত বড়ই হোক, তা অতিক্রম করা সহজ হবে। মনে রাখা দরকার, আমাদের অর্থনীতি পোশাক খাতের ওপর বিশেষভাবে নির্ভরশীল।
