প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক
সাড়া দিতে হবে সবাইকে
সম্পাদকীয়
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন-দেশপ্রেমিক জনগণ, গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। একইসঙ্গে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানসহ দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা স্মরণ করেন।
বলা বাহুল্য, প্রধানমন্ত্রীর এ বক্তব্য বর্তমান জাতীয় ও ভূরাজনৈতিক বাস্তবতায় একটি তাৎপর্যপূর্ণ দিকনির্দেশনা। ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় দেশপ্রেমিক জনগণ, গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী, এই ত্রয়ী ঐক্যকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রধান ঢাল হিসাবে অভিহিত করে প্রধানমন্ত্রী মূলত যে কোনো ধরনের আধিপত্যবাদী আগ্রাসন ও অভ্যন্তরীণ চক্রান্তের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-এই ঐতিহাসিক মাইলফলকগুলোকে একই সুতোয় গেঁথে তিনি এটি স্পষ্ট করেছেন, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং পেশাদার সশস্ত্র বাহিনীর যৌথ প্রতিরোধই বারবার দেশের স্বাধীনতা রক্ষা করেছে। অনস্বীকার্য যে, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে জনগণের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর, বিশেষ করে সশস্ত্র বাহিনীর সুদৃঢ় আস্থার সম্পর্ক অপরিহার্য। ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই অভ্যন্তরীণ বিভাজন তৈরি হয়েছে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে, তখনই জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসা ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি কিংবা অতীতে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রসঙ্গগুলো আমাদের এই শিক্ষাই দেয় যে, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস বা বিভেদের সুযোগ নেই।
বর্তমান প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি একটি নিরাপদ, স্বনির্ভর ও গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার যে লক্ষ্যের কথা প্রধানমন্ত্রী বলেছেন, তা বাস্তবায়নে সুনির্দিষ্ট ও বাস্তবমুখী পদক্ষেপ প্রয়োজন। সেক্ষেত্রে, সশস্ত্র বাহিনীকে কেবল প্রথাগত প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগ নিশ্চিত করতে হবে। বাহিনীর সদস্যদের মনোবল অটুট রাখতে এবং অবসরপ্রাপ্তদের জীবনমান উন্নয়নে ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর যে ঘোষণা দেওয়া হয়েছে, তা স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা জরুরি।
পাশাপাশি এটিও মনে রাখতে হবে, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা ছাড়া কেবল সামরিক সক্ষমতা দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা পুরোপুরি টেকসই করা সম্ভব নয়। সব মিলিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমেই জনগণ ও রাষ্ট্রের মধ্যকার সেতুবন্ধন আরও মজবুত হতে পারে। ফলে প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সব পক্ষের মধ্যে ন্যূনতম ঐকমত্য প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। জনগণ, সরকার ও সশস্ত্র বাহিনীর পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি আত্মমর্যাদাশীল ও নিরাপদ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে।
