তরুণদের কর্মসংস্থান
মেসো-অর্থনীতির সংস্কার ও জরুরি
সম্পাদকীয়
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশে কৃষি, শিল্প, তথ্যপ্রযুক্তি ও সেবা খাতে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও তরুণদের একটি বড় অংশ কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে যুগান্তরের খবরে প্রকাশ, জাতীয় নীতিনির্ধারণ এবং ব্যক্তিগত উদ্যোগের মধ্যবর্তী প্রাতিষ্ঠানিক স্তর বা ‘মেসো-অর্থনীতি’র দুর্বলতাই এই সংকটের মূল কারণ। এর ফলে দেশে উচ্চশিক্ষিত স্নাতকদের মধ্যে বেকারত্বের হার ১৩ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে এবং কর্মরত তরুণদের ৯২ দশমিক ৭ শতাংশই অনিশ্চিত অনানুষ্ঠানিক খাতে কাজ করতে বাধ্য হচ্ছেন।
বলা বাহুল্য, গবেষণায় চিহ্নিত এই ‘মিসিং মিডল’ বা অনুপস্থিত মধ্যস্তর আমাদের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পথে এক বড় অন্তরায়। একদিকে নিয়োগকর্তারা যোগ্য ও দক্ষ কর্মীর অভাবে ভুগছেন, অন্যদিকে প্রথম চাকরিতেই অভিজ্ঞতার শর্ত থাকায় তরুণরা কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পাচ্ছেন না। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ না থাকায় এই ব্যবধান ক্রমেই বাড়ছে। পাশাপাশি, নতুন উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য ব্যাংক ঋণের জটিল শর্ত, জামানতের বাধ্যবাধকতা এবং সরকারি সেবা পেতে ৮০ শতাংশ তরুণের ঘুস বা বিলম্বের শিকার হওয়ার তথ্যটি প্রশাসনিক সংস্কারের জরুরি প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসে। এমনকি নারী উদ্যোক্তাদের জন্য স্বল্পসুদে ঋণের ব্যবস্থা থাকলেও জমির দলিল ও স্বামীর স্বাক্ষরের মতো অপ্রয়োজনীয় শর্ত প্রকৃত উদ্যোক্তাদের নিরুৎসাহিত করছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে কেবল কাগুজে নীতিমালা বা সনদনির্ভর প্রশিক্ষণের বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য শিক্ষাব্যবস্থার সঙ্গে শিল্পখাতের সরাসরি মেলবন্ধন ঘটিয়ে পাঠ্যক্রমকে কর্মমুখী করতে হবে এবং শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক শিক্ষানবিশি বা ইন্টার্নশিপের সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি আঞ্চলিক সম্ভাবনাগুলো কাজে লাগাতে স্থানীয় পর্যায়ে প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন, যশোর হাই-টেক পার্কের মতো অবকাঠামোর ভাড়া যৌক্তিক করা এবং জামানতবিহীন সহজ শর্তে স্টার্টআপ ঋণ নিশ্চিত করা আবশ্যক। মনে রাখতে হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করতে হলে সংস্কারের কেন্দ্রে মেসো-অর্থনীতিকে স্থান দেওয়ার কোনো বিকল্প নেই। সরকারি দপ্তরগুলোতে হয়রানি বন্ধ করে স্থানীয় সরকার ও মধ্যবর্তী প্রতিষ্ঠানগুলোকে কার্যকর সেতুবন্ধ হিসাবে গড়ে তুলতে পারলেই দেশের বিশাল তরুণ সমাজ বোঝা না হয়ে প্রকৃত অর্থেই উন্নয়নের মূল চালিকাশক্তিতে পরিণত হবে। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এটাই প্রত্যাশা।
