Logo
Logo
×

Advertisement

সম্পাদকীয়

সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচার

জবাব হোক তথ্যে ও আইনের শাসনে

Icon

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দেশি-বিদেশি একটি মহল দীর্ঘদিন ধরেই পরিকল্পিত অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। বিশেষ করে প্রতিবেশী দেশের মূলধারার সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে অতিরঞ্জিত ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করা হচ্ছে, তা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। সোমবারের যুগান্তরে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা এই স্পর্শকাতর ইস্যুতে সরকারের বলিষ্ঠ ভূমিকা নেওয়ার বিষয়ে যে মতামত ব্যক্ত করেছেন, তা অত্যন্ত সময়োপযোগী ও প্রণিধানযোগ্য।

এ কথা অনস্বীকার্য যে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘হিন্দু নিধন’ বা সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক বয়ান তৈরির চেষ্টা চলছে। এমনকি বিগত দিনের দুঃশাসন বা ব্যক্তিগত অপরাধের দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনি বা রাজনৈতিক পদক্ষেপকে সাম্প্রদায়িক হামলা হিসাবে চালিয়ে দেওয়ার অপচেষ্টাও আমরা দেখেছি। কিন্তু বাস্তবতা হলো, দেশের সংবিধান এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ-উভয়ই সব ধর্মের নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে। সম্প্রতি দুর্গাপূজার শান্তিপূর্ণ উদযাপনও প্রমাণ করে যে, এ দেশের সাধারণ মানুষ ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী।

কাজেই আলোচ্য বিষয়টিকে কেবল ‘অপপ্রচার’ বলে হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ সরকারের নেই। নড়াইলের মতো বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে প্রশাসন ও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে বিশিষ্টজনদের ক্ষোভ অত্যন্ত যৌক্তিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ঘটনাস্থলে উপস্থিত না থাকে কিংবা অপরাধীদের তাৎক্ষণিক আইনের আওতায় আনতে ব্যর্থ হয়, তাহলে গুজব রটনাকারীরাই উৎসাহিত হয়। মনে রাখতে হবে, রাষ্ট্র কোনোভাবেই নাগরিকদের জানমালের নিরাপত্তার প্রশ্নে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। একইসঙ্গে কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে এবং প্রতিটি ঘটনার বিচার যেন স্বচ্ছ আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হয়, তা নিশ্চিত করাও সরকারের সাংবিধানিক দায়িত্ব।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে চলমান এই তথ্য-সন্ত্রাস মোকাবিলায় সরকারকে এখনই কৌশলী ও আক্রমণাত্মক কূটনৈতিক তৎপরতা শুরু করতে হবে। বিশিষ্টজনদের পরামর্শ অনুযায়ী, প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে অবিলম্বে একটি তথ্যবহুল শ্বেতপত্র প্রকাশ করা জরুরি, যা বিশ্বব্যাপী প্রচার করা হবে। একইসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেবল দায়সারা বিবৃতি না দিয়ে উচ্চকণ্ঠে প্রকৃত সত্য তুলে ধরতে হবে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি আন্তর্জাতিকভাবে সমাদৃত বিশিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে সরেজমিনে পরিস্থিতি দেখানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। অভিযোগকারীদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ দাবি করার মাধ্যমেও মিথ্যাচারের মুখোশ উন্মোচন করা সম্ভব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করেছে, তার প্রতিফলন মাঠপর্যায়ে দেখাতে হবে। সেক্ষেত্রে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তথ্যভিত্তিক জোরালো কূটনীতিই পারে সব ষড়যন্ত্র ও অপপ্রচারের দাঁতভাঙা জবাব দিতে। আমরা বিশ্বাস করি, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপদ ও মর্যাদাপূর্ণ বসবাস নিশ্চিত করার মধ্য দিয়েই বাংলাদেশ বিশ্বদরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে। সরকার বিশিষ্টজনদের পরামর্শ আমলে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচার

সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচার

তৈরি পোশাক খাতের চ্যালেঞ্জ

তৈরি পোশাক খাতের চ্যালেঞ্জ

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক

তরুণদের কর্মসংস্থান

তরুণদের কর্মসংস্থান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম