অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস
অপপ্রয়োগ বন্ধে সর্বাত্মক পদক্ষেপ প্রয়োজন
সম্পাদকীয়
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) প্রকাশিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রিপোর্ট ২০২৫-২৬’ আমাদের জনস্বাস্থ্য খাতের এক গভীর সংকটের চিত্র তুলে ধরেছে। গত এক বছরে দেশের বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগ থেকে সংগৃহীত ৫০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে দেখা গেছে, জটিল ও গুরুতর রোগে আক্রান্ত মানুষের শেষ ভরসার অ্যান্টিবায়োটিকগুলো এখন অনেক ক্ষেত্রেই জীবাণুর বিরুদ্ধে কার্যক্ষমতা হারাচ্ছে। এমনকি গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী কার্বাপেনেম গ্রুপের অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেও জীবাণুর প্রতিরোধ ক্ষমতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের নমুনায় এই প্রতিরোধের চিত্র আরও বেশি উদ্বেগের। আইসিইউর রোগীদের শ্বাসনালি থেকে সংগৃহীত ক্লেবসিয়েলা ও অ্যাসিনেটোব্যাক্টরের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কার্বাপেনেম প্রতিরোধের হার কোথাও কোথাও ৯৫ শতাংশ ছাড়িয়ে গেছে। এর মানে হলো, একজন সংকটাপন্ন রোগীর শরীরে এই শক্তিশালী ওষুধগুলো প্রয়োগ করলে কার্যকারিতার সম্ভাবনা মাত্র ৫ শতাংশের কাছাকাছি।
এই বিপজ্জনক পরিস্থিতির জন্য আমাদের দৈনন্দিন জীবনের দায়িত্বহীনতা ও অসচেতনতা অনেকাংশে দায়ী। সামান্য সর্দি-কাশি বা সাধারণ ভাইরাসজনিত রোগেও চিকিৎসকের পরামর্শ ছাড়াই যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক সেবনের প্রবণতা আমাদের সমাজে অত্যন্ত প্রকট। অনেকে আবার রোগের লক্ষণ কিছুটা কমে গেলেই প্রেসক্রিপশনে লিখিত ডোজ পূরণ না করেই ওষুধ খাওয়া বন্ধ করে দেন। এর ফলে ব্যাকটেরিয়াগুলো পুরোপুরি ধ্বংস না হয়ে ওই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা বা মিউটেশন তৈরি করে ফেলে। পরবর্তী সময়ে সেই একই জীবাণু যখন পুনরায় আক্রমণ করে, তখন আর আগের ওষুধে কাজ হয় না। তাছাড়া গবাদি পশু ও পোলট্রি ফিডে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারও এই নীরব সংকটকে ত্বরান্বিত করছে, যা খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানবদেহে প্রবেশ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই যদি অ্যান্টিবায়োটিকের লাগামহীন অপব্যবহার রোধ করা না যায়, তাহলে অদূর ভবিষ্যতে সামান্য কাটাছেঁড়া, দাঁতের ইনফেকশন কিংবা সাধারণ কোনো সার্জারির চিকিৎসাও অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে।
এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এখন থেকেই বহুমুখী ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। এ লক্ষ্যে সবার আগে দেশের প্রতিটি ফার্মেসিতে চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে এবং এই আইন কঠোরভাবে যাতে বাস্তবায়ন হয়, সে ব্যাপারে কার্যকর নজরদারির ব্যবস্থা করতে হবে। প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক পর্যায় পর্যন্ত অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার এবং এর অপব্যবহারের মারাত্মক পরিণতি সম্পর্কে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। প্রতিটি হাসপাতালে নিজস্ব অ্যান্টিবায়োটিক ব্যবহারের সুনির্দিষ্ট নীতিমালা বা স্টুয়ার্ডশিপ প্রোগ্রাম প্রণয়ন এবং এর কঠোর তদারকি নিশ্চিত করাও জরুরি। একই সঙ্গে গবাদি পশুর চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে নীতিনির্ধারক স্তর থেকে কঠোর নজরদারি রাখতে হবে। সময় ফুরিয়ে যাওয়ার আগেই সরকার, চিকিৎসক, নীতিনির্ধারক ও সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন ও সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে, অন্যথায় মানবস্বাস্থ্য পড়বে বিপর্যয়ের মুখে।
