শুরু হচ্ছে একাদশ বিডিনগ সম্মেলন
সাইফ আহমাদ
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা। এর মধ্যে সম্মেলনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সম্মেলনে একদিন বিডিনগ সম্মেলন ও চার দিন টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হবে। আগামী ১০-১৪ জানুয়ারি পাঁচ দিনব্যাপী এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে কক্সবাজারে। কর্মশালায় ইন্টারনেট প্রকৌশলীদের জন্য আইপিভি৬ ডেপলয়মেন্ট অন মাইক্রোটিক এবং অ্যাডভান্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
বাংলাদেশের প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য বেটার ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে নিয়মিতভাবে বিডিনগ সম্মেলন আয়োজন করে আসছে।
বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব বলেন, সম্মেলন উপলক্ষে এর মধ্যে ইন্টারনেটের ব্যবহারিক এবং একাডেমিক রিসার্চের ওপর স্থানীয় প্রকৌশলীদের কাছ থেকে গবেষণাপত্র আহ্বান করা হয়েছে। গবেষণাপত্রগুলো বাংলাদেশে ইন্টারনেটের বিভিন্ন সীমাবদ্ধতা বিশ্লেষণ এবং এর মান উন্নয়নে সহায়তা করবে বলে আমরা আশা করছি। বিডিনগ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান রাশেদ আমিন বলেন, আমাদের দেশের ইন্টারনেটের সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামোর উন্নতি করতে হলে এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট প্রকৌশলীদের জ্ঞান ও পেশাদারিত্ব বাড়াতে হবে। এ ধরনের প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক এক্সপার্টরা একসঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করে। ফলে গত কয়েক বছর আমরা দেখছি বিভিন্ন প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে আমাদের ইন্টারনেট প্রকৌশলীদের দক্ষতা বাড়ছে। তাই আমরা বিডিনগ সম্মেলনের মাধ্যমে প্রকৌশলীদের মান উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে চাই। এবারের আয়োজনের সহ-আয়োজক হিসেবে থাকবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সম্মেলনের রেজিস্ট্রেশন, পেপার সাবমিট এবং ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে (www.bdnog.org/bdnog11) ওয়েবসাইটে।
