অবসান ঘটল ১৩ বছরের অপেক্ষার
জিটিএ সিক্সের ঝড়ে মাতোয়ারা বিশ্ব
আইটি ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা শেষ। অবশেষে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো’র ষষ্ঠ সংস্করণ ‘জিটিএ সিক্স’। মুক্তির পরপরই গেমার ও সমালোচকদের প্রশংসায় ভাসছে গেমটি। শুধু গেমিং জগতেই নয়, এর মুক্তিকে ঘিরে তৈরি হয়েছে বিশ্বজুড়ে উৎসবের আমেজ। কোথাও মধ্যরাতে গেম খেলার আয়োজন, কোথাও বিশেষ পার্টি, আবার কোনো প্রতিষ্ঠানে কর্মীদের জন্য ঘোষণা করা হয়েছে ছুটি। প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১০০ কোটি ডলার বা তার বেশি ব্যয়ে তৈরি গেমটি নির্মাণ করেছে রকস্টার গেমস। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি টেক-টু ইন্টারঅ্যাকটিভ। মুক্তির পরপরই গেমটি রিভিউ সাইট মেটাক্রিটিকে ৯৯ স্কোর অর্জন করেছে। এর মাধ্যমে ১৯৯৮ সালে মুক্তি পাওয়া নিনটেনডোর ‘লিজেন্ড অব জেল্ডা : ওকারিনা অব টাইম’-এর সর্বোচ্চ স্কোরের রেকর্ডে ভাগ বসিয়েছে এটি। গেমটির সবচেয়ে বড় আকর্ষণ এর বিশাল জগৎ ও নতুন গল্প। ফ্লোরিডার আদলে তৈরি কাল্পনিক অঙ্গরাজ্য ‘লিওনিডা’ এবং মায়ামির ছায়ায় নির্মিত ‘ভাইস সিটি’তে আবর্তিত হয়েছে গেমটির কাহিনি। এতে লুসিয়া কামিনোস ও জেসন ডুভাল নামে দুই প্রধান চরিত্র রয়েছে। তারা অপরাধজগতের সঙ্গী হওয়ার পাশাপাশি প্রেমিক যুগল। খেলোয়াড়ের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সম্পর্ক ও গল্পের গতিপথ বদলানোর সুযোগ রয়েছে। নাইটক্লাব, অস্ত্রের দোকান, স্কুবা ডাইভিং, চিড়িয়াখানা থেকে শুরু করে নানা ধরনের কার্যক্রম যুক্ত হয়েছে গেমটিতে। আগের সংস্করণগুলোর মতো অপরাধ, গাড়ি চালানো ও বিভিন্ন মিশনের পাশাপাশি এবার আরও বিস্তৃত পরিবেশ ও আধুনিক গেমিং অভিজ্ঞতার সুযোগ তৈরি করেছে রকস্টার। মুক্তির উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। অস্ট্রেলিয়ার সিডনিতে মধ্যরাতেই গেমটি খেলা শুরু করেন গেমাররা। লন্ডনে আয়োজন করা হয় বিশেষ পার্টি। যুক্তরাষ্ট্রের মায়ামিতে এনবিএ দল মায়ামি হিটও গেমটির আদলে সাজানো বিশেষ আয়োজনের মাধ্যমে মুক্তি উদযাপন করেছে। ভারত ও ইন্দোনেশিয়াতেও গেমটি ঘিরে দেখা গেছে ব্যাপক আগ্রহ। গেমিং বিশ্লেষকদের মতে, জিটিএ সিক্স শুধু একটি ভিডিও গেম নয়, বরং বৈশ্বিক জনপ্রিয় সংস্কৃতির বড় অংশ হয়ে উঠেছে। বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, গেমটির ১ কোটি ৭০ লাখের বেশি কপি বিক্রি হয়েছে, যার বাজারমূল্য ১৬৫ কোটি ডলারের বেশি। সনি প্লেস্টেশন ৫ এবং মাইক্রোসফট এক্সবক্স সিরিজ এক্স ও এস কনসোলে খেলা যাচ্ছে গেমটি। গেমটির মূল গল্প শেষ করতে আনুমানিক ৫০ ঘণ্টা সময় লাগতে পারে।
