গুগল ম্যাপে বাংলাদেশ
লোকাল গাইডদের মিটআপ
আইটি ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
একটি সড়কের ভুল ঠিকানা সংশোধন, অচেনা পর্যটনকেন্দ্রের অবস্থান যুক্ত করা কিংবা কোনো প্রতিষ্ঠানের সঠিক তথ্য তুলে ধরা-এমন নানা কাজের মাধ্যমে ডিজিটাল মানচিত্রে বাংলাদেশকে সমৃদ্ধ করছেন একদল স্বেচ্ছাসেবক। গুগল ম্যাপসের তথ্য হালনাগাদে কাজ করা বাংলাদেশ লোকাল গাইডসের সদস্যরা ১২ বছরে এমনই একটি বড় কমিউনিটি গড়ে তুলেছেন। বর্তমানে তাদের সদস্য সংখ্যা প্রায় ১৪ হাজার। সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে ১২ বছর পূর্তি ও ৩০০তম মিটআপ উদযাপন করেছে কমিউনিটিটি। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেন ১৫৪ স্বেচ্ছাসেবক। দিনব্যাপী আয়োজনে ছিল অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও স্বীকৃতি প্রদান। গুগল ম্যাপসে নতুন স্থান যুক্ত করা থেকে শুরু করে ভুল ঠিকানা সংশোধন, সড়কের তথ্য হালনাগাদ, ছবি-ভিডিও প্রকাশ এবং প্রতিবন্ধীবান্ধব স্থাপনার তথ্য যুক্ত করছেন সদস্যরা। তাদের এসব অবদানে স্থানীয় পর্যটনকেন্দ্র, ক্ষুদ্র ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থান খুঁজে পাওয়া সহজ হচ্ছে। আয়োজনে গুগলের আন্তর্জাতিক সম্মেলন কানেক্ট লাইভ ২০২৬-এ অংশ নেওয়া বাংলাদেশি স্বেচ্ছাসেবকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি এআইভিত্তিক অনুসন্ধান, স্ট্রিট ভিউ ও মানচিত্রের তথ্যের মানোন্নয়ন নিয়ে ছয়টি প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। ২০১৪ সালের ৭ মার্চ ‘বাংলাদেশ ইনসাইডার’ নামে যাত্রা শুরু হয়েছিল এ উদ্যোগের। ২০১৫ সালে নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ লোকাল গাইডস। ৫০তম মিটআপ থেকে শুরু হওয়া উদযাপনের ধারাবাহিকতায় এবার ৩০০তম মিটআপে পৌঁছেছে কমিউনিটি।
