পুলিশ হাসপাতালে করোনায় মৃত্যু ১ শতাংশেরও নিচে
তোহুর আহমদ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের সব হাসপাতালের মধ্যে একমাত্র পুলিশ হাসপাতালেই করোনায় মৃত্যু এক শতাংশেরও নিচে। এছাড়া টানা দুই সপ্তাহে পুলিশ হাসপাতালে করোনায় কারও মৃত্যু হয়নি। উন্নত চিকিৎসা ব্যবস্থাপনার কারণে করোনা-আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরছেন। বলা যায়, করোনাকালে অভূতপূর্ব চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনা চিকিৎসায় দক্ষতা ও উন্নত ব্যবস্থাপনার কারণে ভিআইপিরাও ছুটছেন পুলিশ হাসপাতালে। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের সদস্যরা করোনা-আক্রান্ত হলে পুলিশ হাসপাতালে ভর্তি হন। গত মাসে তারা পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এছাড়া একাধিক সংসদ সদস্যের পরিবারের সদস্যরা করোনা সংক্রমিত হয়ে এখানে ভর্তি হন। সাবেক এবং বর্তমান উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরাও ভরসা রাখছেন পুলিশ হাসপাতালের ওপর। সংশ্লিষ্টরা বলছেন, করোনা চিকিৎসার জন্য ব্যাপকভাবে প্লাজমা সংগ্রহ ও বিতরণ পুলিশ হাসপাতালের আরেকটি বড় অর্জন। রক্ত থেকে প্লাজমা পৃথক করতে পুলিশ হাসপাতালের দুটি অ্যাফেরেসিস মেশিন চালু থাকছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। এ পর্যন্ত ২ হাজার ব্যাগেরও বেশি প্লাজমা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫শ’ ব্যাগ ব্যবহৃত হয়েছে পুলিশ সদস্যদের চিকিৎসায়। বাকি দেড় হাজার ব্যাগ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য সাধারণ মানুষকে দেয়া হয়েছে।
হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু যুগান্তরকে বলেন, করোনাকালে মানুষের জানমালের পাহারা দিতে গিয়ে অসংখ্য পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তবে আমাদের মনোবল এতটুকু কমেনি। করোনা থেকে সেরে ওঠার পর আক্রান্ত সদস্যরা প্লাজমা দিয়ে মানুষের জীবন বাঁচাতেও ভূমিকা রাখছেন। বৈশ্বিক এই মহামারির সময় পুলিশ বাহিনীর এই অবদান নিশ্চয় দেশের মানুষ মনে রাখবে।
সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালে অনেক হাসপাতালে রোগীর কাছেও যান না স্বাস্থ্যকর্মীরা। কিন্তু পুলিশ হাসপাতালের চিত্র একেবারেই ভিন্ন। এখানে চিকিৎসকরা রোগীর পাশে থাকছেন সার্বক্ষণিক। এমনকি আইসিইউ বেডে থাকা রোগীর সঙ্গে ভিডিও কলে পরিবারের সদস্যদের কথা বলতে সহায়তা করছেন চিকিৎসকরা। রোগীর মনোবল চাঙ্গা রাখতে চলে গল্প, আড্ডা। এছাড়া বেশ কয়েকজন চিকিৎসক দেশ-বিদেশে করোনা গবেষণা ও চিকিৎসা আপডেটের ওপর নিয়মিত নজর রাখছেন। সে অনুযায়ী রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনায় প্রতিনিয়ত পরিবর্তন আনা হচ্ছে।
হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ খালেদ মোহাম্মদ ইকবাল যুগান্তরকে বলেন, ‘আমরা করোনা-আক্রান্ত রোগীদের জন্য একটি বিশেষ চিকিৎসা প্রটোকল প্রণয়ন করেছি। বিভিন্ন ধরনের ওষুধের সমন্বয়ে তৈরি প্রটোকলটি রোগীদের ওপর বেশ কার্যকর বলে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা-আক্রান্ত রোগীকে শুরুতেই সঠিক এবং সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে আনতে পারলে মৃত্যুঝুঁকি অনেকটাই কমে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন একাধিক পুলিশ সদস্য যুগান্তরকে বলেন, একান্ত নিরুপায় না হলে অন্য সময়ে অনেকেই পুলিশ হাসপাতালমুখী হতে চান না। কিন্তু করোনাকালে সেই পুলিশ হাসপাতাল নিয়ে এখন আমরা রীতিমতো গর্ববোধ করছি।
হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত তথ্য থেকে জানা যায়, ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট আক্রান্ত পুলিশ সদস্য চিকিৎসা নেন ১৬ হাজার ৯৯১ জন। এ সময় মারা গেছেন ৭৫ জন। সুস্থ হয়ে কাজে ফিরেছেন ১৫ হাজার ৬৯৭ জন। বর্তমানে হাসপাতালে গড়ে দেড়শ’র মতো রোগী চিকিৎসাধীন থাকছেন। জুনেও রোগী ভর্তি ছিল গড়ে দেড় হাজারেরও বেশি। আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপিতেই সবচেয়ে বেশি। প্রায় ৩ হাজার।
চিকিৎসকরা বলছেন, যেসব পুলিশ সদস্য মারা গেছেন, তাদের অনেকেই দূর-দূরান্ত থেকে দেরিতে হাসপাতালে আসেন। বেশ কয়েকজন হাসপাতালে আসার আগেই মারা যান। গুরুতর অসুস্থ প্রায় ৭শ’ জন পুলিশ সদস্য আইসিইউ সেবা নিয়েছেন। আক্রান্ত অনুপাতে মৃত্যুর হার এক শতাংশেরও অনেক কম- প্রায় শূন্য দশমিক ৪৪ শতাংশ।
সরেজমিন দেখা যায়, পুলিশ হাসপাতালে চিকিৎসকরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। অনেকে পিপিই না পরেও চিকিৎসা দিচ্ছেন। সাধারণ মাস্ক পরেই ডিউটি করেছেন বেশির ভাগ চিকিৎসক। চিকিৎসকরা বলছেন, করোনায় অযথা ভীতি ছড়ানো ঠিক নয়। করোনা রোগীর কাছে গেলেই যে চিকিৎসকরা আক্রান্ত হয়ে যাবেন, বিষয়টি মোটেও তেমন নয়। কিছু স্বাস্থ্যবিধি মানলে চিকিৎসাকর্মীদের সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেক কম। একজন চিকিৎসক টানা ৭ দিন ডিউটি করে ১৪ দিন ছুটিতে থাকার যে নিয়ম অন্য সব হাসপাতালে পালন করা হচ্ছে, তা পুলিশ হাসপাতালের চিকিৎসকরা পালন করছেন না। প্রত্যেক চিকিৎসক প্রতিদিনই ডিউটি করছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, করোনাকালে পুলিশ হাসপাতালকে অবিশ্বাস্য দ্রুততায় সময়োপযোগী করে গড়ে তোলা হয়েছে। করোনা টেস্টের জন্য আরটিপিসিআর ও জেনএক্সপার্ট মেশিন বসানো থেকে শুরু করে বেশকিছু সরঞ্জাম দ্রুততম সময়ে স্থাপন করা হয়। এজন্য হাসপাতাল সংশ্লিষ্টরা পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদকে কৃতিত্ব দিতে চান। তারা বলছেন, সব আনুষ্ঠানিকতাকে পাশ কাটিয়ে পুলিশপ্রধান দ্রুততম সিদ্ধান্ত দিয়েছেন। মূলত তার আন্তরিক প্রচেষ্টার ফলেই পুলিশ হাসপাতাল আজকের অবস্থানে পৌঁছতে পেরেছে। একই সঙ্গে পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি হাসানুল হায়দারও অক্লান্ত শ্রম দিয়েছেন। তার যথাযথ নির্দেশনা না পেলে হয়তো এতদূর আসা কখনই সম্ভব হতো না।
