Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা

আরেক চালক সাময়িক বরখাস্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আরেক চালক সাময়িক বরখাস্ত

পদ্মা সেতুর ১৭ নম্বর পিলার ক্যাপের সাইড ও উপরিভাগের সামান্য অংশে সিমেন্টের পলেস্তারা খসে পড়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেওয়ার ঘটনায় রো রো ফেরি শাহজালালের আরেক চালক সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। তিনি ওই ফেরির হুইল সুকানি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার দুপুরে তাকে বরখাস্তের আদেশ জারি করে সংস্থাটি। তদন্ত কমিটি তাকেসহ ফেরির দুই চালককে (মাস্টার ও সুকানি) ঘটনার জন্য দায়ী করার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নিল বিআইডব্লিউটিসি।

এর আগে ঘটনার দিন শুক্রবার ফেরির আরেক চালক (মাস্টার) আব্দুর রহমান খানকে বরখাস্ত করা হয়। বিআইডব্লিউটিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানতে চাইলে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন পেয়েছি। এর ভিত্তিতে আরও এক চালককে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই চালকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রমও শুরু হয়েছে। একই সঙ্গে শিমুলিয়া-বাংলাবাজার রুটে সতর্কতার সঙ্গে ফেরি চলাচল করতে বলা হয়েছে।’

শুক্রবার সকালে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি শাহ জালালের ধাক্কা লাগে। এ সময় ফেরিতে থাকা যাত্রীরা ছিটকে একে অপরের ওপর পড়ে আহত হন। এতে কমপক্ষে ২০ যাত্রী মারাত্মক আহত হন। ওইদিনই বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামানকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। বেঁধে দেওয়া তিনদিনের মাথায় রোববার সংস্থার চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রতিবেদনে এ ধরনের ঘটনা এড়াতে বাংলাবাজার ঘাটটি মাঝিরকান্দিতে স্থানান্তরসহ তিনটি সুপারিশ করেছে। বাকি দুই সুপারিশ হচ্ছে-পদ্মা সেতুর পিলারের গায়ে রাবারের ফোল্ডার দেওয়া এবং কম গতির ফেরি শিমুলিয়া-বাংলাবাজার রুট থেকে সরিয়ে শক্তিশালী ইঞ্জিনবিশিষ্ট ফেরি দেওয়া।

প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় পদ্মা সেতুর ১৭ নম্বর পিলার ক্যাপের সাইড ও উপরিভাগের সামান্য অংশে সিমেন্টের পলেস্তারা খসে পড়েছে। আর ফেরির ২০ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট প্রস্থ হাল প্লেট (সামনের অংশ) ভেঙে ভেতরের দিকে দেবে গেছে। একটি ডিপ ফ্রিজ পড়ে ভেঙে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, মূল পদ্মা সেতুতে পানির স্রোতের বেগ ছিল সাত কিলোমিটার। ফেরির মাস্টার আব্দুর রহমান খান ও সুকানি সাইফুল ইসলাম বাংলাবাজার থেকে মাগুরখণ্ড হয়ে বের হয়ে পদ্মা নদীতে প্রবেশ করার পর নদীর স্রোত ও বাতাসের গতিবেগ লক্ষ না করেই স্বাভাবিক গতিতেই সেতুর কাছাকাছি ১৬ ও ১৭ নম্বর পিলারের মধ্য দিয়ে পাড়ি দেওয়ার চেষ্টা করেন। ফলে ফেরিটি স্রোতের কারণে আড়াআড়ি হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা লাগে। ফেরির মাস্টার ও সুকানি মাগুরখণ্ড হয়ে বের হয়ে অন্যান্য জলযানের মতো কিছুটা উপরে উঠে পাড়ি দিয়ে ১২ ও ১৩ নম্বর পিলারের মধ্য বা কাছ থেকে অতিক্রম করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

প্রতিবেদনে বলা হয়, স্টিয়ারিং হঠাৎ নষ্ট হওয়ার কারণে পিলারে ধাক্কা লাগার যে জবানবন্দি ফেরির মাস্টার, সুকানিসহ কয়েকজন দিয়েছে তা সঠিক নয়। তদন্ত কর্মকর্তারা সার্কিট ব্রেকার ভালো অবস্থায় পেয়েছেন। পিলারের ধাক্কা লাগার পরপরই ফেরিটি পদ্মা সেতু থেকে স্টিয়ারিং করেই শিমুলিয়া ঘাটে আসার তথ্য পেয়েছেন। ফেরিটির গ্রিজার আজাদ আলী তদন্ত কমিটিকে জানিয়েছেন, দুর্ঘটনার সময়ে ফেরির ইঞ্জিন ২৫০ আরপিএমে সামনের দিকে চলছিল। ইঞ্জিন কর্মকর্তা রেজাউর করিম জানান, জাহাজটি পিলারের সঙ্গে ধাক্কা লাগার পর সেটি পেছনে চালানোর সংকেত পান।

Advertisement

পদ্মা সেতু বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন বিআইডব্লিউটিসি

Advertisement

আরও পড়ুন

র‌্যাপিডের গবেষণা অর্ধেক সম্পদ ১ শতাংশ পরিবারের হাতে

অর্ধেক সম্পদ ১ শতাংশ পরিবারের হাতে

শিবচরের বাহাদুরপুর হাজী শরীয়তুল্লাহর স্মৃতি আজও অম্লান

হাজী শরীয়তুল্লাহর স্মৃতি আজও অম্লান

নাশকতার ছক বানচালে ‘জিরো টলারেন্স’ নীতি ড্রোন নজরদারিতে রাজপথ হাই অ্যালার্টে কেপিআই

ড্রোন নজরদারিতে রাজপথ হাই অ্যালার্টে কেপিআই

সাগরে ফেলে দেওয়া হয় সাত জনকে, পালিয়ে এলেন ২৮

সাগরে ফেলে দেওয়া হয় সাত জনকে, পালিয়ে এলেন ২৮

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম