Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

সিপিডির আলোচনায় উদ্যোক্তারা

সবুজ শিল্পায়নে বড় বাধা পোশাকের ন্যায্যমূল্য

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সবুজ শিল্পায়নে বড় বাধা পোশাকের ন্যায্যমূল্য

Advertisement

তৈরি পোশাকের ন্যায্যমূল্য ও সরকারের নীতি সহায়তার অভাব সবুজ শিল্পায়নে প্রধান বাধা। রানা প্লাজা ধসের পর উদ্যোক্তারা যে পরিমাণ অর্থ খরচ করে সবুজ কারখানা করেছে, বিদেশি ব্র্যান্ড ও ক্রেতারা সে অনুপাতে পোশাকের দাম বাড়ায়নি। অন্যদিকে সরকারের পক্ষ থেকেও উপযুক্ত নীতি সহায়তা না পাওয়ায় উদ্যোক্তারা নতুন সবুজ শিল্প স্থাপনে আগ্রহ হারাচ্ছে।

রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে রোববার সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে পোশাক খাতের উদ্যোক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সিডিপির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন সুইডিশ দূতাবাসের ডেপুটি চিফ ক্রিস্টিন জোহানসন। আলোচনায় অংশ নেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিকেএমইএ’র সাবেক সভাপতি ফজলুল হক।

ফজলুল হক বলেন, বিদেশি ক্রেতারা কারখানার কর্মপরিবেশ উন্নয়নে ১০০ পৃষ্ঠার গাইডলাইন দিলেও পোশাকের মূল্যের বেলায় চুপ থাকে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সবুজ কারখানায় ২ শতাংশ কর ছাড় দেয়া আছে, যা যথেষ্ট নয়। বাংলাদেশ ব্যাংকের গ্রিন ফান্ডে টাকা থাকলেও নতুন উদ্যোক্তাদের জন্য সেখান থেকে অর্থ পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। এক সবুজ শিল্প মালিকের নাম প্রকাশ না করার শর্তে ফজলুল হক বলেন, ওই ব্যবসায়ীর কাছে মনে হয়েছে সবুজ কারখানা স্থাপন করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন। কারণ নন কমপ্লায়েন্ট কারখানা যে রেটে (মূল্য) কাজ পাচ্ছে, তাকেও একই রেটে কাজ করতে হচ্ছে।

মোহাম্মদ হাতেম বলেন, রানা প্লাজা ধসের পর মানসিক স্বস্তির জন্য উদ্যোক্তারা নিজ তাগিদেই লিড সার্টিফাইড কারখানা স্থাপন করে। একটি সাধারণ কারখানা সবুজ উপযোগী করতে ১০ কোটি টাকা খরচ হয়। কিন্তু এটি করতে পর্যাপ্ত সহায়তা পাওয়া যায় না। গ্রিন ফান্ড থেকে ঋণ পাওয়া এত দুষ্কর যে অনেক মালিক সেটির জন্য আবেদনই করে না। পরিবেশ সুরক্ষায় ইটিপি (বর্জ্য শোধনাগার) চালু রাখার নির্দেশ থাকলেও এর রাসায়নিক আমদানি করতে উচ্চ শুল্ক দিতে হচ্ছে। ২ শতাংশ কর ছাড় দিলেও অগ্রিম আয়কর (এআইটি) আদায় করা হচ্ছে। এ টাকা পরবর্তীতে আর ফেরত পাওয়া যায় না। এসব সমস্যার সমাধান না করলে ভবিষ্যতে উদ্যোক্তারা সবুজ কারখানা স্থাপনে আগ্রহ হারাবে।

ফারুক হাসান বলেন, বর্তমানে ১৫৭টি প্রতিষ্ঠান লিড সার্টিফাইড। আরও ৫০০ কারখানায় সবুজায়নের কাজ চলছে। প্রতি মাসেই ২-৩ কারখানা সনদ পাচ্ছে। বিশ্বের সেরা ১০টি সবুজ কারখানার মধ্যে ৭টিই বাংলাদেশের। এত কিছুর পরও পোশাকের উপযুক্ত দাম পাওয়ার চেষ্টা করছি। নিঃসন্দেহে পোশাকের দর অতীতের তুলনায় বেড়েছে। কিন্তু এর চেয়ে বেশি বেড়েছে কাঁচামালের দাম। পোশাকের দাম বাড়াতে বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা চলছে।

সাবের হোসেন চৌধুরী বলেন, সবুজ শিল্পায়ন শুধু পোশাক খাতের মধ্যে সীমিত না রেখে পুরো অর্থনীতিকে কীভাবে সবুজ করা যায়, সে অনুযায়ী কাজ করতে হবে। আর এটা নির্ভর করছে পোশাক কারখানাগুলো সবুজায়নের সাফল্যের ওপর। কারখানা সবুজায়নে বাধা দূর করতে জলবায়ু ও পরিবেশসংক্রান্ত সংসদীয় কমিটি বিজিএমইএ ও বিকেএমইএ’র সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি। পোশাকের মূল্য প্রসঙ্গে তিনি বলেন, ই-কমার্স পুরো বিশ্বের বিপণন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। পোশাকের মূল্যের ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করতে পারে কিনা খতিয়ে দেখতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, সুইডিশ দূতাবাসের সহযোগিতায় সিপিডি ‘বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে সবুজ শিল্পায়ন’ নামে একটি কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির মাধ্যমে সিপিডি সবুজ শিল্পায়নের বাধাগুলো বিশ্লেষণ এবং বিদ্যমান আর্থিক কৌশলগুলো পর্যালোচনা করবে। এর পরিপ্রেক্ষিতে সবুজ শিল্পায়নের জন্য সর্বোত্তম পন্থাগুলো খুঁজে বের করবে এবং কীভাবে এর মাধ্যমে কারখানা, শ্রমিক, অর্থনীতি ও দেশের উন্নয়নের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করা যায় তা তুলে ধরবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

জঙ্গল থেকে জনপদ ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইয়াবা আত্মসাতের অভিযোগ পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম