|
ফলো করুন |
|
|---|---|
বহু কাল পর এক ফোঁটা মধু আঁকি,
কেওড়া ফুলের শপথে-
সব উৎসব ও রং জড়ো হয়!
এক ফোঁটা আঁকা মধু যেন চেতনার পাত্রে
শব্দের ফুলের মতো!
বাক্যের মৌসুমে প্রেমের জিঞ্জির গলে-
অমিয়-তরল-আগামী!
রাতের গাঁথুনিতে আঁকা মধু আমার গা ভিজিয়েছে!
ভুলো পথ ফিরে পায়!
কাগজে পাতায় আঁধারে গম্ভুজ গলে-
কোমরে জড়ায় আদুরী!
একফোঁটা প্রেম ফোটে!
আমি আবারও মধু আঁকি!
এ আঁকা হৃদয়ের কূলে-
বেঁচে থাকার জোয়ারের মতো!
আঁকা ফুঁড়ে পাখি ডাকে,
মধুকণ্ঠের গান ভাসে-
বাতাস এলিয়েছে শব্দের কূল!
বড় মধুময় সেমিকোলন, নিঃশ্বাসের স্টপেজ!
দাঁড়ি কমাগুলো হাওয়ার দাপটে-
মধুবার্তার মতো!
এক ফোঁটা আঁকা মধু কেমন গল্পের মতো,
প্রিয় সব সঙ্গীত!
এ বুকে শুয়ে থাকে-
মধু মাখা প্লীহা-কলিজা, হৃদয়-মধু!
আঁকা মধু জীবন্ত হয়ে উঠে শরীরের মতো!
আমার শরীরে শরীর এলিয়ে দেয়-
বার বার আস্বাদে দেখি,
ভালোবেসে দেখি,
মধুতে হৃদয় সঁপে দেখি
নিষিদ্ধ বাঁকে বাঁকে দেখি-
সেই ঠোঁটের কূল হারা চুম্বনের ঢেউ-
মধু হয়ে আঁধারের দ্বীপান্তরে আছড়ে পড়ে!
