|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরে এক বছর ধরে ধর্ষণের শিকার হয়ে আসছেন এক নারী। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্তের মাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। বাগেরহাটের চিতলমারীতে ত্রাণ দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। বরিশালের মুলাদীতে ধর্ষণ মামলা থেকে বাঁচতে স্কুলছাত্রীকে বিয়ে করেছে অভিযুক্ত। প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁদপুর : চাঁদপুর শহরের অদূরে ওয়্যারলেস এলাকায় এক বছর ধরে এক নারীকে ধর্ষণ করেছে আমজাদ মাহমুদ নিলয় নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র। ধর্ষণের বিষয়টি একাধিকবার ছেলের মা-বাবাকে জানিয়েও কোনো প্রতিকার পাননি ওই নারী। উলটো মারধরের শিকার হয়েছেন তিনি। এ ব্যাপারে নিলয় ও তার বাবা-মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হলে নিলয় ও তার বাবা আব্দুল মাজেদ পালিয়ে যান। পরে নিলয়ের মা শাহনাজ বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। নিলয়দের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার চরশফী গ্রামে। চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকার ভাড়া বাসায় থাকেন চাঁদপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২-এ কর্মরত আব্দুল মাজেদ ও শাহনাজ বেগম দম্পতি।
চিতলমারী (বাগেরহাট) : চিতলমারীতে ত্রাণ দেওয়ার কথা বলে ইউপি সদস্য ননী গোপাল বিশ্বাস এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় রোববার রাতে মামলা করেছেন ছাত্রীর মা। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাখিন আহম্মেদ জানান, ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সোমবার বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। আসামি ননী গোপাল বিশ্বাসকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মুলাদী (বরিশাল) : মুলাদীতে ধর্ষণের শিকার ৯ম শ্রেণির স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। উপজেলার কাজিরচর ইউনিয়নের উত্তর কাজিরচর (বাইদের কান্দি) গ্রামের খলিল হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণ মামলা থেকে বাঁচতে ওই ছাত্রীকে জুয়েল বিয়ে করেছেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান জুয়েল হাওলাদার নাবালিকা স্কুলছাত্রীকে বিয়ে করার বিষয়টি খতিয়ে দেখা হবে।
