মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ে নিহত
কুষ্টিয়ায় ছাত্রদল নেতার মৃত্যু, হাসপাতালে স্ত্রী * দুই নারীসহ সড়কে ঝরল আরও ৩ প্রাণ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার গ্যাড়াখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রীসহ চারজন। এছাড়া দুর্ঘটনায় তিন স্থানে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে ঢাকা ও নাটোরে দুই নারী এবং রাজবাড়ীতে যুবক রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
টেকেরহাট (মাদারীপুর) ও বোয়ালমারী (ফরিদপুর) : নিহতরা হলেন-ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)। গোপালগঞ্জগামী পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দেয়। পরে স্থানীয়রা অটোভ্যানের যাত্রীদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার মিরপুরে অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা আবু সাঈদ জাকারিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জাকারিয়ার স্ত্রী রুকাইয়া খাতুনসহ সিএনজির ৪ যাত্রী আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জাকারিয়া কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলার বিল বুয়ালিয়া গ্রামের নাজমুল ইসলামের ছেলে। রোববার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের চার মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নুর আলমের মৃত্যু হয়েছে। রোববার সকালে কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম কুষ্টিয়ার মিরপুর পাইকপাড়ার সুতাইল গ্রামের শেখ সাকাউল ইসলামের ছেলে।
কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জে পোস্তগোলা সেতুর ঢালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে অজ্ঞাতনামা নারী আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে হাসনাবাদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর : নলডাঙ্গা ট্রলি চাপায় ভ্যানযাত্রী গেদি বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার সোনাপাতিল ডাকঘরসংলগ্ন রেলওয়ে ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গেদি রাজশাহীর দুর্গাপুর উপজেলার পান্নানগর এলাকার বানী ইসরাইল হোসেনের স্ত্রী।
