পুলিশ কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি
ছেড়ে দেন, না হলে দলবল পাঠিয়ে শায়েস্তা করব
Advertisement
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। পেশাগত দায়িত্ব পালন করার সময় তিনি পুলিশ কর্মকর্তাকে মোবাইল ফোনে হুমকি দেন। ওই নেতার নাম সোলাইমান হোসেন লিটন। তিনি ভূঞাপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ।
জানা যায়, গত মঙ্গলবার ট্রাফিক সার্জেন্ট সবুজ ও তার সহকর্মী গোবিন্দাসী টি রোডে দায়িত্ব পালন করছিলেন। এমন সময় ফিরোজ নামের এক মোটরসাইকেল আরোহীকে সিগন্যালে থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র চান সার্জেন্ট সবুজ। মোটরসাইকেল আরোহী গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এছাড়া হেলমেটও ব্যবহার করেননি তিনি। তাই সার্জেন্ট সবুজ আইনানুগ প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী বিএনপি নেতা লিটনের সঙ্গে মুঠোফোনে সার্জেন্ট সবুজের কথা বলিয়ে দেন। লিটন অপর প্রান্ত থেকে সার্জেন্ট সবুজকে মোটরসাইকেলটি ছেড়ে দিতে বলেন। সার্জেন্ট সম্মত না হলে লিটন দলবল পাঠিয়ে সবুজকে শায়েস্তা করার হুমকির পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
ঘটনা সম্পর্কে সার্জেন্ট সবুজ বলেন, ‘তিনি (বিএনপি নেতা) মুঠোফোনে আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন। পোলাপান পাঠাবেন বলে হুমকি দিয়েছেন। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ সদস্য জানান, বিষয়টি মৌখিকভাবে টাঙ্গাইলের পুলিশ সুপারকে জানানো হয়েছে। এছাড়া টাঙ্গাইল-২ আসনের এমপি আব্দুস সালাম পিন্টুকে অবগত করা হয়েছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতা লিটন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে বলেন, ‘একটি অসাধু চক্র আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। বিষয়টি ছিল সম্পূর্ণ কথোপকথন ও তর্কবিতর্কের। কোনো গালিগালাজ বা হুমকি দেওয়া হয়নি।’
এ বিষয়ে জানতে লিটনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ নিয়ে পরে কথা বলব।’ ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, ‘বিষয়টি নিয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আর তার সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
