|
ফলো করুন |
|
|---|---|
রফতানিতে স্বর্ণপদক পেলেন সার্ভিস ১ইঞ্জিনের চেয়ারম্যান
কম্পিউটার সফটওয়্যার খাতে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় রফতানিতে স্বর্ণপদক লাভ করেছে দেশের শীর্ষস্থানীয় বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানি ‘সার্ভিস ইঞ্জিন’। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার তুলে দেন। ‘সার্ভিস ইঞ্জিন’ বাংলাদেশের একমাত্র কোম্পানি যা ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব আউটসোর্সিং প্রফেশনালস”-এর র্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ১০০টি কোম্পানির মধ্যে একটি। অনুষ্ঠানে সার্ভিস ইঞ্জিনের চেয়ারম্যান এএসএম মহিউদ্দিন মোনেম কম্পিউটার সফটওয়্যার রফতানিখাতে অবদান রাখার জন্য টানা চতুর্থবারের মতো জাতীয় রফতানিতে স্বর্ণপদক পেলেন। তিনি একাধারে আবদুল মোনেম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চেক রিপাবলিকের সম্মানসূচক দূত। এছাড়াও তিনি সিআইপি মনোনীত হন এবং একই প্রতিষ্ঠান থেকে হাই-টেক ক্যাটাগরিতে শিল্পোন্নয়নে অবদান রাখার জন্য ‘রাষ্ট্রপতির শিল্পোন্নয়ন পদক’ গ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
রফতানি পদক পেল বিআরবি কেবল
বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কুষ্টিয়া ২০১৪-২০১৫ অর্থবছরে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্যখাতে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা আয় করে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় রফতানি ট্রফি (স্বর্ণ) অর্জন করেছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, রোববার রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমানের হাতে এ ট্রফি হস্তান্তর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সামিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন ১,৯৪১ মেগাওয়াট
বাংলাদেশের সর্ববৃহৎ স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান (আইপিপি) সামিট আরও একটি এইচএফও-জ্বালানিভিত্তিক ১৪৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু করেছে। সামিট গাজীপুর-১ পাওয়ার লিমিটেড (এইচএলাইয়েন্স পাওয়ার নামেও পরিচিত) বিদ্যুৎ কেন্দ্রটি নির্ধারিত সময়ে সফলভাবে উৎপাদন শুরু করেছে। এ নিয়ে সামিটের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১,৯৪১ মেগাওয়াটে এসে দাঁড়ালো। মাত্র দুই মাস আগে সামিট গাজীপুর-২ পাওয়ার (৩০০ মেগাওয়াট) বিদ্যুৎ কেন্দ্র রেকর্ড সময়ে উৎপাদনে যায়। সামিট গাজীপুর-১ এবং ২ বিদ্যুৎ কেন্দ্র দুটি গাজীপুর জেলার কড্ডায় পাশাপাশি অবস্থিত। সংবাদ বিজ্ঞপ্তি।
রফতানি পদক পেল আরএফএল
২০১৪-১৫ অর্থবছরে প্লাস্টিক পণ্য রফতানির জন্য রৌপ্য পদক পেয়েছে আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিকস লিমিটেড। রফতানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ পদক দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছ থেকে রফতানি পদক গ্রহণ করেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। সংবাদ বিজ্ঞপ্তি।
রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা ৩২৮২-এর অভিষেক শনিবার কুমিল্লায় অনুষ্ঠিত হয়। জেলা গভর্নর দিলনাশিন মোহসেন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখে সাবেক গভর্নর শামসুল হুদা, তাইয়ুব চৌধুরী, গভর্নর নির্বাচিত ডা. বেলাল আহমেদ, জেলা ৩২৮১-এর গভর্নর নির্বাচিত খায়রুল আলম, গভর্নর নমিনি রুবায়েত হোসেন, রোটারিয়ান শামসুল হক দীপু প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের বুথ উদ্বোধন
হজ যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের বুথ উদ্বোধন করা হয়েছে। বুথ থেকে হজ যাত্রীরা তথ্য সংগ্রহসহ বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবেন। শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া আনুষ্ঠানিকভাবে এই বুথ উদ্বোধন করেন। পরে তিনি এক্সিম ব্যাংকের মাধ্যমে হজ-পূর্ব কার্যাবলী সম্পন্ন করা হজ যাত্রীদের মাঝে উপহারসামগ্রী তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়া, ফিরোজ হোসেন, হুমায়ূন কবির ও ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা। সংবাদ বিজ্ঞপ্তি।
