শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত
পাঁচ স্থানে সড়কে ঝরল আরও ৬ প্রাণ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে মোহাম্মদপুরের শ্যামলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় পাঁচ স্থানে আরও ছয়জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ময়মনসিংহে দুই শ্রমিক, ভোলায় অটোচালক, বরগুনা ও ঠাকুরগাঁওয়ে দুই শিশু এবং বরিশালে বাইকচালক রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : নিহতদের একজনের নাম মুক্তা (৪০)। অপর নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। ভোরে রাস্তা পারের সময় ট্রাক দুই নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে অজ্ঞাতপরিচয় এক নারী ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে গুরুতর আহত মুক্তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরও ৯ শ্রমিক। শুক্রবার সকালে উপজেলার গুজিয়াম এলাকার বগার বাজারে নিগারজামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মফিজুল হকের ছেলে মো. নাইম মিয়া (২৩) এবং ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিগুরকান্দা গ্রামের রায়েরগ্রাম এলাকার আব্দুস সোবহানের ছেলে কামাল ফকির (৪০)।
ভোলা : ভোলা-চরফ্যাশন সড়কে দুই অটোরিকশার সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ যাত্রী। নিহত চালকের নাম মোহাম্মদ আলী (৬০)। তার বাড়ি জেলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মুন্সিবাড়ী। বোরহানউদ্দিন দালালবাজার এলাকায় শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে।
আমতলী (বরগুনা) : আমতলী উপজেলার কাউনিয়া গ্রামে অটোরিকশার ধাক্কায় শিশু এলমা আক্তার নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। উপজেলার মহিষডাঙ্গা গ্রামের জসিম মিয়া স্ত্রী-কন্যা নিয়ে ঢাকায় বসবাস করতেন। পূজার ছুটিতে শিশুকন্যা এলমাকে নিয়ে তিনি কাউনিয়া শ্বশুর আজিজ ফরাজির বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে চকলেট খাচ্ছিল এলমা। ওই সময় পেছন থেকে অটোরিকশা শিশটিকে ধাক্কা দেয়।
ঠাকুরগাঁও : দুর্গাপূজার মণ্ডপ দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশু সেতু রানীর মৃত্যু হয়েছে। সে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের ২৯ মাইল বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। পরে শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সেতু রানী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লস্করপুর গ্রামের জীতেন বর্মণের মেয়ে।
গৌরনদী (বরিশাল) : গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল চালক অপু মাঝি নামে এক কাতার প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। অপু মাঝি উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।
