বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি
আখাউড়ায় ৭ দিন বন্ধ
Advertisement
বেনাপোল (যশোর) ও আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দুর্গাপূজা উপলক্ষ্যে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ থেকে আগামী ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এ সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। একই কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ থেকে আগামী ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এছাড়া পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি জানান, বুড়িমারী স্থলবন্দর দিয়ে আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, ভারতের পেট্রাপোল বন্দরে আজ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। অন্যদিকে, সাপ্তাহিক ছুটিসহ বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকবে। ফলে আজ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, ২৫ অক্টোবর সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।
আখাউড়া স্থলবন্দরে আজ থেকে বুধবার পর্যন্ত-পাঁচ দিন বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর বন্দর খোলা থাকবে এবং এ সময় আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিকভাবে চলবে। লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ২৫ ও ২৬ অক্টোবর আবারও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান এবং আখাউড়া স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নূরুল হুদা তথ্যটি নিশ্চিত করেন।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার (এসি) মতলেবুর রহমান বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ব্যবসায়ীরা চিঠি দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছেন।
