Logo
Logo
×
   

Advertisement

খবর

উত্তরায় ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়

Advertisement

Icon

তুরাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘এইচএম সেলিম রান টেন কে ২০২৪’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টায় উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে ‘সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’ শীর্ষক অনুষ্ঠানের সূচনা করেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা।

পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

সকাল সাড়ে ৫টা থেকে প্রবল শীত ও কুয়াশা উপেক্ষা করে প্রতিযোগীরা উত্তরার ১৮নং সেক্টরের ১০নং ব্রিজের কাছে আসতে শুরু করেন। সাড়ে ৬টা থেকে ওয়ার্মআপ শুরু হয়। সকাল ৭টায় বেজে ওঠে পুরুষ প্রতিযোগীদের ম্যারাথনের বাঁশি। এর ৩০ মিনিট পর শুরু হয় নারীদের প্রতিযোগিতা। পুরুষ প্রতিযোগিদের মধ্যে ৪৬ মিনিটে ১০ কিলোমিটার দৌড় শেষ করে প্রথম স্থান অধিকার করেন মুক্তাদির আহমেদ, দ্বিতীয় হন সোহেল রানা (৪৭ মিনিট) এবং তৃতীয় হন মোহাম্মদ হৃদয় (৪৭.৩০ মিনিট)। নারীদের মধ্যে সাড়ে ৭ কিলোমিটার দৌড়ে ৪০ মিনিটে প্রথম স্থান অধিকার করেন সুমাইয়া আক্তার, দ্বিতীয় নাজমুন্নাহার বিথী এবং তৃতীয় হন জাহানারা আক্তার। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ছাড়াও ১০ কিলোমিটার শেষ করা প্রত্যেককে পদক দেওয়া হয়। এ প্রতিযোগিতায় ৫৭২ জন পুরুষ ও ৪৪৩ জন নারী অংশ গ্রহণ করেন। এদের মধ্যে তিনজন ছাড়া সবাই এন্ডিং পয়েন্ট অতিক্রম করতে সক্ষম হন।

এসময় হোসাইন মোহাম্মদ সেলিম তার বক্তব্যে বলেন, ‘তরুণদেরকে জাগাতে হলে তাদের অদম্য প্রাণশক্তিকে জাগাতে হবে। আমরা তরুণদের সেই শক্তিকে জাগাতে কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগে, জেলায়, থানায় সুস্থ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করে চলেছি। অবশ্য আজকের ম্যারাথনে তরুণদের পাশাপাশি অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকেও অংশ নিতে দেখলাম। তারা বয়সে প্রৌঢ় হলেও হৃদয়ে তরুণ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা খাদিজা খাতুন, দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি, ডা. মাহবুব আলম মাহফুজ, বরিশাল বিভাগীয় সভাপতি আল আমিন সবুজ, সিলেট বিভাগীয় সভাপতি আলী হোসেন, তারুণ্যের সভা সংগঠনের চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ক্রীড়াবিদ তাহের হোসেন মারুফ, ডা. তুহিন মাহমুদ, শাহ নেওয়াজ খান রিপন ও ফরিদ উদ্দিন রব্বানী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম