ডেঙ্গুর ভয়াবহতা : বড় ছেলে মৃত, ছোটটি লাইফ সাপোর্টে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার মোহাম্মদ আরাফাত (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই রোগে আক্রান্ত তার ছোট ভাই মোহাম্মদ আবু বক্করও (১০ মাস) এখন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছে। এদিকে এক ছেলেকে কবরে শুইয়ে আরেক ছেলেকে নিয়ে উৎকণ্ঠায় বেসরকারি কোম্পানির কর্মকর্তা মোহাম্মদ কবির আহমদ। রোববার তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউ’র সামনে দেখা গেছে দিশেহারা অবস্থায়।
জানা গেছে, ময়মনসিংহের বাসিন্দা কবির আহমদ নগরীর হিলভিউ এলাকার ১ নম্বর সড়কে ভাড়া বাসায় থাকেন। কবির আহমদ ও আমেনা বেগম দম্পতির দুই সন্তান-আরাফাত ও আবু বক্কর। দুই সন্তানকে নিয়ে ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু হঠাৎ ডেঙ্গুতে এক সন্তানের মৃত্যু, আরেক সন্তান লাইফ সাপোর্টে থাকার এমন ঘটনায় সব কিছু যেন উলট-পালট হয়ে গেছে। তারা দিশেহারা হয়ে পড়েছেন।
সূত্র জানায়, প্রায় ১৫-২০ দিন আগে আরাফাতের জ্বর, বমি ও কাশি শুরু হয়। অসুস্থতা বাড়তে থাকলে তাকে প্রথমে চট্টগ্রামের সাউদার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুদিন চিকিৎসা চলে। পরে নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে রাখতে হয়। কয়েক দিন চিকিৎসার পরও আরাফাতের অবস্থার উন্নতি হয়নি; বরং শ্বাসকষ্ট বাড়তে থাকে। চিকিৎসার বিপুল খরচ সামলাতে না পেরে শেষ পর্যন্ত ছেলেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যান কবির। সেখানেও তাকে আইসিইউতে রাখা হয়। হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত আরাফাতের ফুসফুসের পাশাপাশি যকৃতেও জটিলতা দেখা দিয়েছিল। শুক্রবার সেখানে মারা যায় আরাফাত। সন্ধ্যায় বড় ছেলেকে দাফন করে হাসপাতালে ছুটে যান ছোট ছেলের কাছে। চিকিৎসকরা তাকে কোনো আশা দিতে পারছেন না। কবির জানান, ‘এক ছেলে পরপারে চলে গেছে। আরেক ছেলেকে নিয়ে অথৈ সাগরে ভাসছি। চিকিৎসকরা কোনো আশা দিতে পারছেন না। ছেলের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছে আমেনা। বারবার বড় ছেলেকে খুঁজছে। সংজ্ঞা হারাচ্ছে। পানি ছাড়া মুখে কিছুই তুলছে না। এখন কি করব জানি না।
