বিএনপির দুপক্ষের সংঘর্ষ
কসবায় ১০ ইউনিয়নে সড়ক অবরোধ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনার জেরে উত্তেজনা অব্যাহত রয়েছে। শনিবারের সংঘর্ষের প্রতিবাদে রোববার সকাল থেকে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন বিএনপির এক পক্ষের নেতাকর্মীরা। এ সময় বায়েক ইউনিয়নে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। অন্যদিকে কায়মপুর এলাকায় সড়ক বন্ধ করে দিলে পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়। এ ঘটনায় সংসদ-সদস্য মুশফিকুর রহমানের পদত্যাগ দাবি করেছেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন। রোববার সকাল থেকে উপজেলার বায়েক, চৌমুহনী, তিনলাখপীরসহ ১০টি ইউনিয়নের বিভিন্ন সড়কে অবরোধের খবর পাওয়া গেছে। বায়েক ইউনিয়নে অবরোধ কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসানকে উপস্থিত থাকতে দেখা যায়। এ সময় অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে কর্মসূচি পালন করেন। কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন যুগান্তরকে বলেন, সকাল থেকে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তিনি সংসদ-সদস্য মুশফিকুর রহমানের পদত্যাগ দাবি করেন।
অবরোধের বিষয়ে কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, অবরোধের খবর তারা পেয়েছেন। তবে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রোববার বিকালে কসবায় বিশেষ র্যালি করেছেন সংসদ-সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা। বিকাল সাড়ে ৪টায় কসবা স্টেশন রোডে বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি কদমতলী মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে সংসদ-সদস্য মুশফিকুর রহমান অংশ নেন।
র্যালি শেষে সংসদ-সদস্য মুশফিকুর রহমান বলেন, ‘ছাত্রদলের কমিটি ঘিরে দুটি ঝগড়ার ঘটনা ঘটেছে। বিষয়টি আমি অবগত আছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া শুনেছি, একটি পক্ষ সকাল থেকেই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এরপরও আজকের (রোববার) কর্মসূচিতে অনেক লোকের সমাগম হয়েছে।’
