ছায়ানটের শুদ্ধসঙ্গীত উৎসব
Advertisement
সাংস্কৃতিক রিপোর্টার
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের তরুণ শিল্পীদের সমবেত কণ্ঠে ভীমপলশ্রী রাগ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হল দু’দিনের শুদ্ধসঙ্গীত উৎসব। ছায়ানটের আয়োজনে দেশের নানা প্রান্ত থেকে শুদ্ধসঙ্গীতের শিল্পী ও ওস্তাদরা এসে জড়ো হয়েছেন ঢাকায়। ছায়ানট আয়োজিত দু’দিনব্যাপী শুদ্ধসঙ্গীত উৎসবের উদ্বোধনী পর্বে শিল্পীদের পরিবেশনায় শ্রোতারা আপ্লুত হলেন সুরের ধারায়। শাস্ত্রীয় সঙ্গীতের প্রসার ঘটানোর লক্ষ্যেই ছায়ানট নিয়মিতভাবে প্রতিবছর আয়োজন করে চলেছে এ উৎসবের। তিনটি অধিবেশনে সাজানো দু’দিনব্যাপী এ উৎসবে ঢাকা, রাজশাহী, সিলেট জেলার শিল্পীরা অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ছায়ানটের প্রধান মিলনায়তনে শুদ্ধসঙ্গীতের একাদশ আসরের উদ্বোধন করেন চট্টগ্রামের বরেণ্য শিল্পী মিহির লালা। স্বাগত ভাষণ দেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী আনুষ্ঠানিকতা। প্রথম দিনের এ উৎসব সাজানো হয় ঢাকার কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের নিয়ে। এর প্রথমেই ছায়ানটের শিল্পীদের বৃন্দ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এবারের এ উচ্চাঙ্গসঙ্গীত উৎসবের মূল আয়োজন। দল এ সঙ্গীত পরিচালনায় ছিলেন শিল্পী ওস্তাদ অসিত কুমার দে। এরপরেই একক কণ্ঠে শুদ্ধসঙ্গীত পরিবেশন করেন সুপ্রিয়া দাশ। তিনি গেয়ে শোনান রাগ মুলতানি। সতীন্দ্রনাথ হালদার শোনান রাগ পুরিয়া। আর লায়েকা বশীর শোনান রাগ নারায়ণী। পরপর তিনটি কণ্ঠসঙ্গীত পরিবেশনার পর তবলাবাদন নিয়ে আসেন মোহসিইউ জৌভিয়াল জিসাস ভুবন। তার সঙ্গে হারমোনিয়ামে ছিলেন লতিফুন জুলিও। এরপর খায়রুল আনাম শাকিল আসেন রাগ শুধকর্যাণ, রাগেশ্রী নিয়ে। বৃহস্পতিবার সবশেষ পরিবেশনা ছিল আহসান জলকারনাইনের। তিনি শোনান রাগ বাগেশ্রী। আজ এ উৎসবের সমাপনী দিন। এদিন অধিবেশন শুরু হবে সন্ধ্যা ৬টায়।
