গ্রামে ঋণপ্রবাহ বাড়াতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গ্রাম ও দুর্গম অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান বাড়াতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসাবে ওইসব অঞ্চলে ঋণপ্রবাহ বাড়ানো হবে। এ লক্ষ্যে ১৭ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক সাড়ে ৯ হাজার কোটি টাকা ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ৭ হাজার ২৪৫ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে। এসব অর্থ গ্রামীণ এলাকায় বিতরণ করা হবে কম সুদে। পাশাপাশি গ্রামে ডিজিটাল পদ্ধতিতে ঋণ বিতরণ করার পদক্ষেপও নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক গ্রামীণ এলাকার ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতে ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। এ তহবিল থেকে গ্রামে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও চলমান ব্যবসা কেন্দ্রে ব্যাংকগুলোর মাধ্যমে ৭ শতাংশ সুদে ঋণ দেবে। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিতরণ করবে ৯ শতাংশ সুদে। দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্প স্থাপন ও উদ্যোক্তাদের ঋণ দিতে আরও ৩ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এ তহবিল থেকেও ব্যাংকগুলোর মাধ্যমে ৭ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। গ্রামের অসুবিধা বঞ্চিত মানুষকে কম সুদে ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংক দেড় হাজার কোটি টাকার আরও একটি তহবিল গঠন করেছে। এ তহবিল থেকে জামানতবিহীন ঋণ দেওয়া হবে। এসব ঋণ বিতরণ করা হবে ডিজিটাল পদ্ধতিতে।
এসব তহবিলের অর্থ দেশের প্রান্তিক অঞ্চলের মানুষকে দেওয়া হবে। যাতে তারা ব্যবসা শুরু করতে পারে। পাশাপাশি চলমান ব্যবসাগুলোকে আরও সম্প্রসারণ করতে পারে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক পল্লী ও কৃষিঋণের আওতায় গ্রামে টাকার প্রবাহ আরও বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। এ খাতে ঋণ বিতরণ বাড়াতে ব্যাংকগুলোকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সহজ শর্তে ও কম সুদে ঋণ দিতে বলা হয়েছে।
পিকেএসএফ গ্রামীণ এলাকায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করতে ৭ হাজার ২৪৫ কোটি টাকা বরাদ্দ করেছে। এসব অর্থ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিতরণ করা হবে। এছাড়া পিকেএসএফ আয় বাড়ানোর জন্য বিভিন্ন প্রকল্পেও ঋণ বিতরণ করছে।
ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা এমআরএ মাঠপর্যায়ে ঋণ বিতরণ বাড়াতে তদারকি জোরদার করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে নীতি সহায়তায় ছাড় দেওয়া হয়েছে।
