রেলপথে বাড়তি নিরাপত্তা সতর্ক অবস্থানে পুলিশ
শিপন হাবীব
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রেলপথে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি রেলে ১৫-২০টি নাশকতা ঘটনার পর যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। এর মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের নথিভুক্ত ১২টি এবং পশ্চিমাঞ্চল ও অন্যান্য এলাকার আরও ৭-৮টি নাশতকার ঘটনা রয়েছে। সর্বশেষ ১৭ নভেম্বর রাতে নাটোরের মাধনগর ও নলডাঙ্গা এলাকার মাঝামাঝি ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেয় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেলওয়ে ইতোমধ্যে ২০ দফা জরুরি নিরাপত্তা নির্দেশনা জারি করেছে।
বুধবার সন্ধ্যা থেকেই রাজধানীর কমলাপুরসহ দেশের সব গুরুত্বপূর্ণ রেলস্টেশন ও রেলপথে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নাশকতাকারীদের তৎপরতা রুখতে স্টেশনের ভেতরে ও বাইরে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।
গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশন সরেজমিন ঘুরে দেখা গেছে, স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথসহ প্রতিটি প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্কাবস্থান নিয়েছেন। সন্দেহজনক কাউকে দেখামাত্রই তল্লাশি করা হচ্ছে। স্টেশনে প্রবেশের ক্ষেত্রে যাত্রীদের তল্লাশি করাসহ ট্রেনের ভেতর ও ছাদ নজরদারির আওতায় নেওয়া হয়েছে।
পুলিশের অতিরিক্ত আইজি ও রেলওয়ে পুলিশপ্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, দুর্বৃত্তরা রেলপথকে নাশকতার টার্গেট করছে। রেলপথের বিভিন্ন স্থানে নাশকতার ছক কষছে। আমরা যাত্রীদেরও সচেতন করছি। সন্দেহজনক কাউকে দেখলেই যেন পুলিশকে জানানো হয়। স্টেশন চত্বর, ট্রেনসহ প্ল্যাটফর্মে রেলওয়ে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বদা অবস্থান করছেন। নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না।
বুধবার সন্ধ্যায় ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপারের এসপি নিকুলিন চাকমা যুগান্তরকে বলেন, ‘বুধবার থেকেই পুরো রেলপথে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কমলাপুর স্টেশনসহ দেশের সবকটি রেলস্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে।’
যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্টেশন ও ট্রেনগুলোতে সার্বক্ষণিক টহল দিচ্ছেন। ট্রেনে অস্ত্রধারী পুলিশ সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।
এদিকে নিরাপত্তাসংক্রান্ত ৫টি নির্দেশনা দিয়েছে রেলওয়ে। সেগুলোর মধ্যে প্রতিটি সেকশনের রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করা; গুরুত্বপূর্ণ সেতু ও কালভার্ট এলাকায় বিশেষ পাহারা এবং আলোকসজ্জা বাড়ানো; সন্দেহজনক বস্তু, রেললাইন কাটা, ফিশপ্লেস অপসারণ বা রেললাইনে বিকৃতি দেখা গেলে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল অফিস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো; লোকোমোটিভ শেড, ক্যারেজ ডিপো, ডিজেল ডিপো ও ওয়াশপিট এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং এসব এলাকায় প্রবেশ ও বের হওয়ার পথ সীমিত করে প্রত্যেক প্রবেশকারীর পরিচয় যাচাই করা। এছাড়া স্টেশন ও ইয়ার্ডে থাকা ক্যারেজ ও লোকোমোটিভের নিরাপত্তায় পর্যাপ্ত আলোকসজ্জা ও পাহারার ব্যবস্থা করতে হবে। সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।
রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী আফজাল হোসেন যুগান্তরকে বলেন, যে কোনো মূল্যে নাশকতা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাইকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
