Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সিপিডির সংলাপ

করোনায় ক্ষতির দায় পোশাক ক্রেতাদেরও নিতে হবে

চাকরি হারিয়ে দিনমজুর হয়েছেন ২০ শতাংশ পোশাক শ্রমিক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মে ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

করোনায় ক্ষতির দায় পোশাক ক্রেতাদেরও নিতে হবে

Advertisement

করোনার অভিঘাতে তৈরি পোশাক খাতের সরবরাহ চেইনের সব পক্ষই ক্ষতিগ্রস্ত। করপোরেট জবাবদিহিতার অংশ হিসাবে এ ক্ষতি ভাগাভাগি করে নেয়ার কথা সংশ্লিষ্ট সব পক্ষেরই।

তবে এ কঠিনকালে দায় এড়িয়ে চলছে বিদেশি ব্র্যান্ড এবং ক্রেতারা। তারা কোনো দায়িত্ব নেয়নি। বরং দায়িত্বহীনভাবে পোশাকের দর কমিয়েছে। মূল্য পরিশোধে দেরি করছে। বছরের রপ্তানি আদেশের পণ্য নিতে গড়িমসি করছে। এক সংলাপে শনিবার এ অভিযোগ করেছেন উদ্যোক্তা, শ্রমিক নেতা এবং গবেষকরা। তারা মনে করেন, সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর মতো ব্র্যান্ড এবং ক্রেতাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে।

এ উদ্দেশ্যে দেশের আইনেও কিছু পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। এ মুহূর্তে আইনে ব্র্যান্ড এবং ক্রেতাদের জবাবদিহিতার কোনো সুযোগ নেই। জার্মানি, নেদারল্যান্ডস বাদে অন্য কোনো দেশের ব্র্যান্ড এবং ক্রেতাদের জবাবদিহিতার মুখোমুখি করার বিষয়টি স্থানীয় আইনে নেই। এ অবস্থায় ন্যায্য বাণিজ্যে তাদের বাধ্য করতে আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তুলে ধরতে হবে। দেশেও সংশ্লিষ্টদের এ বিষয়ে একতাবদ্ধ এবং সোচ্চার থাকতে হবে।

‘কোভিড মহামারিতে পোশাক খাতে করপোরেট জবাবদিহিতা : শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে চ্যালেঞ্জ’ শিরোনামের এ সংলাপের আয়োজন করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সজাগ ফাউন্ডেশন এতে সহযোগিতা দিয়েছে। সংলাপটি অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে সিপিডির একটি গবেষণা জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে দেখানো হয়, পোশাক খাতের ছোট আকারের ৭৭ শতাংশ কারখানায় করপোরেট মূল্যাবোধের চর্চা নেই। বিজিএমইএ, বিকেএমইএ কোনো সংগঠনের সদস্য নয় এরকম অসংগঠিত কারখানার ক্ষেত্রে এ হার ৬০ শতাংশ। ৮২ শতাংশ কারখানায় করপোরেট মূল্য বোধ আছে। তবে তা প্রকাশিত নয়।

সংলাপে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পোশাকের দর নিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ঠকানো হচ্ছে। বিদেশি ক্রেতা এবং ব্র্যান্ডগুলো ন্যায্য পাওনা দেয় না। করোনায় একতরফাভাবে পোশাকের দর কমিয়েছে তারা। করোনার আগে ১৫ ডলারের পোশাকে এখন ১১ ডলারের বেশি দিচ্ছে না তারা। গবেষণায় এ বিষয়ে আরও আলোকপাত করা প্রয়োজন। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময়ে রপ্তানি করা পণ্যেও মূল্য এখনো দেয়নি অনেক ক্রেতা। অবশ্য, তারাও সংকটে আছে। অনেক ক্রেতা দেউলিয়া হয়েছে। তিনি বলেন, করোনায় সুরক্ষা পদক্ষেপ, তুলা, সুতার দাম বৃদ্ধি- এসব কারণে উৎপাদন ব্যয় বেড়েছে। অথচ এর মধ্যেই দর আরও কমেছে পোশাকের। করপোরেট চর্চা প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, রানা প্লাজা ধসের পর সংস্কারের সঙ্গে করপোরেট চর্চায়ও অগ্রগতি হয়েছে। এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেবেন তিনি।

বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, করোনাকালে ব্র্যান্ড এবং ক্রেতারা অন্যায্য বাণিজ্য করছে। তারা যা খুশি তা-ই করছে। করোনার ক্ষতি সংশ্লিষ্ট সব পক্ষকেই ভাগ করে নিতে হবে। অথচ ক্রেতারা কোনো দায়-দায়িত্ব নিচ্ছে না। একতরফা উদ্যোক্তাদের ঘাড়েই সব চাপ নিতে হচ্ছে। ক্রেতাদের এ ধরনের কার্যক্রম সম্পর্কে দেশে-বিদেশে সোচ্চার হতে হবে।

সংলাপ সঞ্চালনা করেন সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন- ক্রেতা, উদ্যোক্তা ও শ্রমিক সবার মধ্যে সামাজিক সংলাপের মাধ্যমে সব সমস্যা সমাধান করা সম্ভব। পোশাকের দর এবং মুনাফা বাড়লে উদ্যোক্তাদের সঙ্গে শ্রমিকরাও উপকৃত হবেন। মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন বলেন, বাংলাদেশের আইনে ক্রেতাদের জবাবদিহিতার আওতায় আনার আপাতত কোনো সুযোগ নেই। এ কারণে করোনার এ সংকটে যেখানে ক্রেতাদের সহযোগিতা পাওয়ার কথা ছিল সেটা একেবারেই হয়নি। তিনি বলেন, করোনায় শ্রম আদালত বন্ধ থাকায় শ্রমিক নির্যাতনের প্রতিকার হয়নি।

অন্যদের মধ্যে সংলাপে অংশ নেন, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বিজিএমইএর পরিচালক আব্দুল্লাহিল রাকিব, শ্রমিক নেতা মন্টু ঘোষ, নুরুল ইসলাম, বাবুল আক্তার, চায়না রহমান প্রমুখ।

২১ শতাংশ পোশাক কারখানা ছাঁটাইকৃত শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি : সিপিডির জরিপে দেখা যায়, করোনাকালে ছাঁটাইকৃত শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি ২১ দশমিক ৪০ শতাংশ কারখানা। ছাঁটাইকৃত শ্রমিকদের সম হার অর্থাৎ ২১ শতাংশ অভিযোগ করেছে তারা পাওনা বুঝে পায়নি। এদের ৩৬ শতাংশ বেতনের একটা অংশ মাত্র পেয়েছে। মালিকদের পক্ষ থেকেও একই তথ্য পাওয়া গেছে। মাত্র ৪১ শতাংশ মালিক বলেছেন, তারা ছাঁটাই করার সময় শ্রমিকদের সমুদয় প্রাপ্য পরিশোধ করেছেন। ঢাকা এবং গাজীপুরের ১০২টি কারখানার মালিক এবং ৩০০ সাধারণ শ্রমিক ও ১০০ ছাঁটাইকৃত শ্রমিকের সাক্ষাৎকারের ভিত্তিতে এ জরিপ পরিচালনা করা হয়। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এতে নেতৃত্ব দেন। জরিপে বলা হয়, করোনার প্রথম ধাক্কায় গত বছরের এপ্রিল-মে মাসে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় যেসব পোশাক শ্রমিক চাকরি হারিয়েছেন, তাদের অনেকেই বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছেন। কারখানা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের মাত্র ১৫ শতাংশ কোনো না কোনো কাজ পেয়েছেন। চাকরি হারানো শ্রমিকদের মধ্যে যারা নিজেদের কারখানায় কাজ ফিরে পাননি, তাদের ২০ শতাংশ দিনমজুরের কাজ করেন। ২০ শতাংশের মতো শ্রমিক কাজ করছেন অনানুষ্ঠানিক খাতে। আরও ২০ শতাংশ শ্রমিক পোশাক খাতের বাইরে বিভিন্ন কারখানায় কাজ নিয়েছেন। নিজেরাই কিছু করার চেষ্টা করেছেন, এমন শ্রমিক প্রায় ২৭ শতাংশ। মাত্র ৬ দশমিক ৭ শতাংশ শ্রমিক তৈরি পোশাক খাতেই কাজ ফিরে পেয়েছেন। বাকি কয়েক শতাংশ অন্যান্য খাতে গেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে গুলি

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে গুলি

শীতের সবজিতে স্বস্তি চড়া মাছ-মাংস

শীতের সবজিতে স্বস্তি চড়া মাছ-মাংস

হামে আরও ৫ জনের মৃত্যু

হামে আরও ৫ জনের মৃত্যু

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম